উন্নয়নের পূর্বশর্ত নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েরা ব্যবসায়ী হবেন—এটা একসময় স্বপ্ন ছিল। কিন্তু মেয়েরা এখন ব্যবসা করছেন, উদ্যোক্তা হয়ে সফলতা পাচ্ছেন। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। এ জন্য দরকার শুধু নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা।

গতকাল রোববার ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি: কেন জেন্ডার বিষয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এ বৈঠকের আয়োজন করে ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর পুওর অ্যান্ড ভালনারেবল উইমেন ইন বাংলাদেশ (ইইপি), ব্র্যাক। বৈঠকে নারী উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যাংকার ও উন্নয়নকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, প্রশিক্ষণ নেওয়া নারীদের ৯২ শতাংশ এখন অর্থনৈতিক কাজে সম্পৃক্ত। তাঁদের অনেকে সফল উদ্যোক্তা হিসেবে জয়িতা পুরস্কারও পেয়েছেন। তবে এ জন্য নারীদের অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়।

সাবিকুন নাহার এখন একজন সফল উদ্যোক্তা। মাসে তাঁর আয় প্রায় ৩০ হাজার টাকা। তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ নিয়ে ব্যবসার প্রয়োজনীয় কৌশল শেখার পাশাপাশি আমার ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এখন আমি সহজেই সবার সঙ্গে যোগাযোগ করতে পারি।’ জেন্ডারবিষয়ক প্রশিক্ষণ নেওয়া মো. সেলিম বলেন, ‘আগে আমি ঘরের কাজ করতাম না। এখন বুঝতে পারি সংসারটা দুজনের; ঘরের কাজ করে আনন্দ পাই। স্ত্রীকে বাইরে কাজ করতে দিই।’

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ইয়রগেন হেইম্যান বলেন, এই প্রকল্পের সফলতার কৌশল হলো পুরুষদের সম্পৃক্তকরণ। পুরুষদের মধ্যে জেন্ডারবিষয়ক সচেতনতা এলে লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন দ্রুত সম্ভব।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু বলেন, অর্থনৈতিক কাজে নারীদের সম্পৃক্ত করতে সরকার অনেক ধরনের কাজ করছে। তবে এতে বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সবার সহযোগিতা দরকার।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্র্যাকের সিইপি, জিজেডি এবং আইডিপি পরিচালক আন্না মিন্‌জ। তিনি বলেন, একটু সহযোগিতা নারীর জীবন বদলে দিতে পারে। প্রশিক্ষণ নেওয়া নারীরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তাঁর পরিবারও পরিচালনা করছেন।