উন্নয়নের প্রচার দেখতে লন্ডন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল স্ট্রিট ভিউ-তে এখন ইউরোপ-আমেরিকার প্রায় সব দেশের সড়কের ত্রিমাত্রিক দৃশ্য দেখা যায়। গুগলের মাধ্যমে এসব সড়কে গেলে মনে হবে, আপনি এ সড়কেই দাঁড়িয়ে আছেন; চারপাশের সবকিছু দেখতে পারবেন। রাজপথের বিলবোর্ড, জায়ান্ট স্ক্রিনসহ সবকিছুই দেখা যায় এ প্রযুক্তিতে। এমন প্রযুক্তির যুগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাজপথে রাষ্ট্রীয় প্রচার-প্রচারণার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সেখানে গেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আর মন্ত্রীর সফরে যোগ দিতে সরকারি খরচে চলতি সপ্তাহে পরিকল্পনা কমিশনের আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তার সেখানে যাওয়ার কথা রয়েছে। তাঁরা হলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান ও পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান সাঈদুল হক। তাঁদের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
‘শোকেসিং বাংলাদেশ’ নামে একটি প্রকল্প নিতে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় নিজেই। এতে বিলবোর্ড, জায়ান্ট স্ক্রিনসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা জনগণের সামনে তুলে ধরা হবে। প্রকল্পটির প্রস্তাবনা বা ডিপিপি এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যেই আলাপ-আলোচনা চলছে।
প্রকল্প প্রস্তাব তৈরি না করেই বিদেশে ভ্রমণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, লন্ডনের রাস্তায় উন্নয়নের প্রচার-প্রচারণা দেখে তা ‘শোকেসিং বাংলাদেশ’ প্রকল্পে কাজে লাগানো হবে।
১২ জুলাই পরিকল্পনামন্ত্রী লন্ডন গেছেন, ফিরবেন ২১ জুলাই। তবে নিজের টাকায় তিনি এ সফর করবেন। এ সময়ের মধ্যে সুবিধামতো দুই দিন লন্ডনের প্রচার-প্রচারণা দেখবেন। আর আরাস্তু খান ও সাঈদুল হক ওই সময়ে তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাঈদুল হক এ সফরের কথা স্বীকার করে বলেন, ‘ভিসা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এত অল্প সময়ে ভিসা পাওয়া কঠিন।’ ভিসা পেলে লন্ডনে যাবেন বলে তিনি জানান।
প্রকল্প প্রস্তাব তৈরি বা পাস হওয়ার আগেই কীভাবে এ অর্থ খরচ করা হবে—এমন প্রশ্নের জবাবে সাঈদুল হক জানান, প্রকল্পটি পাস হলে এ খরচ প্রকল্পের সঙ্গে সমন্বয় করা যাবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের ব্যয় ২৫ কোটি টাকার কম হবে। তাই পরিকল্পনামন্ত্রী তাঁর এখতিয়ারে প্রকল্পটি পাস করতে পারবেন। প্রচার-প্রচারণা তুলে ধরতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, তা নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতে তাঁর দপ্তরে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দিয়েছে।
এ ছাড়া প্রকল্পের আওতায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে উন্নয়ন মেলা আয়োজন করবে পরিকল্পনা কমিশন। শিগগিরই প্রকল্পটির মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের আওতায় দেশের উন্নয়ন ও সম্ভাবনার প্রচার-প্রচারণা করা হবে। রাজধানী ঢাকাসহ বড় শহরের গুরুত্বপূর্ণ সড়কে বৃহৎ আকারের স্ক্রিন স্থাপন করা হবে, সেখানে অবিরত প্রচারিত হবে উন্নয়নের যাবতীয় তথ্য। উন্নয়ন প্রকল্পে সুবিধাভোগী কারা, কত লোক সুবিধা পান, কীভাবে তাঁরা সুফল পান—সেসব বিষয় তুলে ধরা হবে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরকালে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছিল।
উন্নয়নের প্রচার-প্রচারণার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘এটা বাহুল্য কাজ, ঠিক নয়। সরকারি ব্যয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড সরকারকে কেন প্রচার করতে হবে? আর প্রচার-প্রচারণার অভিজ্ঞতা নিতে বিদেশ যেতে হবে কেন? ভালো কাজ করলে মানুষ এমনিতেই জানবে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, পদ্মা সেতু করছে এ সরকার। এটা ভালো কাজ, সবাই ভালো বলছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, কাজের চেয়ে কথা বেশি হয় বলেই সরকার এমন প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়েছে।