উন্নয়নের প্রচারণায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় পথসভায় বক্তব্য দিচ্ছেন জাহিদ মালেক।  ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় পথসভায় বক্তব্য দিচ্ছেন জাহিদ মালেক। ছবি: প্রথম আলো

ভোটারদের দুয়ারে গিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রোববার তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চারটি এলাকায় গণসংযোগ করেন।

জাহিদ মালেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া ও সদরের সাতটি ইউনিয়ন) আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা সদরের বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা এলাকায় গণসংযোগ শুরু করেন জাহিদ মালেক। এরপর ওই ইউনিয়নের বেতিলা মাঠ, বেতিলা বাজার এবং নালড়া বাজার এলাকায় পথসভা করেন তিনি। এ সময় তিনি গত ১০ বছরে তাঁর নির্বাচনী এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, তা ভোটারদের কাছে তুলে ধরেন।

গণসংযোগকালে জাহিদ মালেকের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, জেলা যুবলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন এবং মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাক।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, স্বাধীনতার পর ৩৮ বছরে তাঁর নির্বাচনী এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে বিগত ১০ বছরে তিনি জেলা সদর ও সাটুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেছেন। তাঁর সময়ে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ নির্মাণসহ স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের কাছে তিনি নৌকা প্রতীকে ভোট চান।

এর আগে শনিবার জাহিদ মালেক সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় গণসংযোগ করেন। এ সময় তিনি মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় ও একটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের প্রতিশ্রতি দেন।