বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের ফিরিস্তি দিয়ে আওয়ামী লীগ এখন আর জনগণের মনোভাব বদলাতে পারবে না। জনগণ আগামী নির্বাচনে কাকে ভোট দেবে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদের কটূক্তি, ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা ও ছাত্রদল নেতা সিরাজুল ইসলামকে হত্যাচেষ্টার’ প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।মির্জা ফখরুল বলেন, ‘উত্তরা থেকে আসার পথে দেখলাম বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নের ফিরিস্তি লেখা বিলবোর্ড টাঙানো হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খান উন্নয়নের দশক পালন করেছিল। এরশাদও করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। জনবিস্ফোরণে তাঁদের পতন হয়েছিল।’মীর্জা ফখরুল ইসলাম দাবি করেন, সরকারের এসব কলাকৌশল ও প্রচারণায় কোনো কাজ হবে না। জনগণ কী করবে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।