উন্নয়নের বিস্ময়কর ধারা বেগবান হয়েছে: তথ্যমন্ত্রী

দেশে উন্নয়নের বিস্ময়কর ধারা আরও বেগবান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার আগুন যুদ্ধ ও জঙ্গি তাণ্ডব পরাজিত করে উন্নয়নের বিস্ময়কর ধারা আরও বেগবান করেছে এবং নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার।’
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দল (এম-এল) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্যশস্য-মৎস্য ও বিদ্যুৎ উৎপাদন, স্কুল শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ যোগাযোগ অবকাঠামো নির্মাণে শেখ হাসিনার সরকার উন্নয়নের যে বিস্ময়কর ধারা সূচনা করেছিল গত দুই বছরে তা আরও গতিশীল হয়েছে।
উন্নয়নের এই ধারার চ্যালেঞ্জ হিসেবে ইনু বলেন, আগুন সন্ত্রাসী খালেদার বিচার, জঙ্গিতন্ত্র সম্পূর্ণ ধ্বংস করা, সুশাসনের জন্য দুর্নীতি ও দলবাজি বন্ধ করা এবং প্রবৃদ্ধি হার শতকরা ৭ ভাগে উন্নীত করাই হচ্ছে এখনকার সবচেয়ে চ্যালেঞ্জ।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, গণতন্ত্রী পার্টির সাধারণ শাহাদৎ হোসেন, গণআজাদী লীগের এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।