উন্নয়নের ভোগান্তি মেনে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ৩০ জুলাই। ছবি: সৌরভ দাশ
সুধী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ৩০ জুলাই। ছবি: সৌরভ দাশ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক খোঁড়াখুঁড়ির বিকল্প নেই। উন্নয়নের কারণে নগরবাসীকে এই ভোগান্তি মেনে নিতে হবে।

দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হয়। এতে নগরের বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়রের প্রায় ২৫ মিনিটের বক্তব্যের অধিকাংশই ছিল গণমাধ্যমকর্মীদের উদ্দেশে। তিনি দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকেরা বাস্তবতা উপলব্ধি করে না লিখলে জনমত কখনো নিজেদের অনুকূলে বা উন্নয়নের অনুকূলে আসবে না বলে মন্তব্য করেন মেয়র আ জ ম নাছির।
সুধী সমাবেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও করপোরেশনের সাবেক তিন মেয়র, নগরের চার আসনের সাংসদ, মন্ত্রী, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেখা যায়নি।

চট্টগ্রাম নগরের বেহাল সড়ক নিয়ে গণমাধ্যমকর্মীরা বারবার প্রতিবেদন প্রকাশ করলে নগরবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘সমস্যাগুলো চিহ্নিত করে বারবার প্রচার না করে সমাধানের জন্য এর বিকল্প কোনো পথ আছে কি না, সেটাই আপনারা তুলে ধরেন। এতে আমরা যারা প্রকল্প গ্রহণ করেছি, তারা যেমন উপকৃত হব, তেমনি নগরবাসীও উপকৃত হবেন।’

নগরের উন্নয়নে চলা প্রকল্পের কাজ এক দিনে শেষ হবে না উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে হলে রাস্তা কাটাকাটি করতে হবে। একেকটা প্রকল্পের মেয়াদ হচ্ছে তিন থেকে পাঁচ বছর। এ বাস্তবতা বুঝতে হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মেয়র আ জ ম নাছির বলেন, ‘আপনারা বাস্তবতা উপলব্ধি করে নিজেদের মাইন্ডসেট (মনোভাব) তৈরি করবেন এবং জনগণের সামনে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করবেন।’

সড়ক কাটার অনুমতি দিতে নিজেদের বুক ছিঁড়ে যায় বলে জানান মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, ‘নগরে ওয়াসা, সিডিএ, কেজিডিসিএল, টিঅ্যান্ডটিসহ বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প চলছে। সবাই রাস্তা খোঁড়াখুঁড়ি করছে। রাস্তাগুলো অনেক কষ্ট করে তৈরি করেছি। আমাদের কাছে কোনো বিকল্প নেই। আপনাদের (সাংবাদিকদের) কাছে যদি জানা থাকে তাহলে আমাদের বলুন। সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’

সেবা সংস্থাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের হওয়ায় উন্নয়ন প্রকল্পও বাস্তবায়িত হয় আলাদাভাবে। তাই একসঙ্গে সড়ক খোঁড়াখুঁড়ির কাজ করা সম্ভব নয় বলে জানান মেয়র।
পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় ভয়াবহ পরিবেশদূষণ হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে আবার রাস্তা কাটাকাটি করতে হবে। তখন সাংবাদিকেরা আবার লিখবেন রাস্তা কাটা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। তাহলে কী ওয়াসাকে বলব যে এই প্রকল্প যেন গ্রহণ করা না হয়।’

অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজনদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা সমালোচনা করুন। এই অধিকার আছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ঘায়েল করার বিকৃত মানসিকতা নিয়ে সমালোচনা করবেন না। সমালোচনা যৌক্তিক হলে সেটি গ্রহণ করা হবে।’

সফলতার কথা বলতে গিয়ে মেয়র বলেন, ‘জোর গলায় বলতে পারি, গত তিন বছরে কোনো ধরনের দুর্নীতি, চুল পরিমাণ অনিয়মের কথা কেউ বলতে পারবেন না। এটাই আমার সফলতা। আগামী দুই বছরে যা যা পরিকল্পনা আছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, নগরের উন্নয়নে সমন্বয়ের বিকল্প নেই। এ জন্য মেয়রকেই নেতৃত্ব দিতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারির পরও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই। নগরের অলিগলির সড়কগুলো চলাচলের উপযোগী হলেও মূল সড়ক বেহাল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, মেয়রকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. শাহাবউদ্দিন ও নগর কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের গত অর্থবছরে হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ওপর তথ্যচিত্র দেখানো হয়। জাদু প্রদর্শন করেন রাজীব বসাক।