উন্নয়নের সঙ্গে পরিবেশটাও ঠিক রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ প্রবৃদ্ধি: গণমাধ্যম সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা। ছবি: প্রথম আলো
‘সবুজ প্রবৃদ্ধি: গণমাধ্যম সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা। ছবি: প্রথম আলো

উন্নয়নের পাশাপাশি পরিবেশটা যেন ঠিক থাকে, সেদিকে গুরুত্ব দিতে হবে। পরিবেশ রক্ষায় নাগরিক ও গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সবুজ প্রবৃদ্ধি : গণমাধ্যম সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও অ্যাডাম স্মিথ ইন্টারন্যাশনালের আয়োজনে এ সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, ‘একসময় সবাই উন্নয়ন নিয়ে আলোচনা করত। এখন কিন্তু পরিবেশ নিয়েও আলোচনা করা হয়। আমরা চাই উন্নয়নের সঙ্গে যেন পরিবেশটাও ঠিক থাকে।’ তিনি বলেন, যেকোনো উন্নয়নমূলক কাজের আগে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হয়। সরকারের অনেক ধরনের নীতি আছে। তবে সরকার সব বিষয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও চেষ্টা করে যাচ্ছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেন্ট চেঞ্জ এবং ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক সলিমুল হক বলেন, পরিবেশ রক্ষায় নাগরিকদেরও সচেতন হতে হবে। গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বিশেষ কিছুদিন ছাড়া সারা বছর পরিবেশের খবর তেমন গুরুত্ব পায় না। সাংবাদিকসহ গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য বলেন।

ইউনেস্কেপের সাবেক পরিচালক ও ইউএনসিসিডির এশিয়ার প্রধান রেজাউল করিম এসডিজির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি আরও বলেন, টেকনোলজির ব্যবহার শুধু বুয়েটকেন্দ্রিক না হয়ে খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, অন্ধভাবে সোনার হরিণের মতো উন্নয়নের পেছনে ছোটা হচ্ছে। কোনো অবকাঠামো নির্মাণের পর যেন ভুল নকশার কারণে ভেঙে ফেলতে না হয়। একটি শক্তিশালী সমন্বয় কর্তৃপক্ষ লাগবে। এ ছাড়া তিনি দেশের মানুষকে সচেতন করার পাশাপাশি তরুণ প্রজন্মকে এ বিষয়ে শিক্ষিত করে তোলার জন্য বলেন।

একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, কক্সবাজারে হোটেল-মোটেল গড়ে উঠছে, রাজধানীতে উড়ালসড়ক হচ্ছে। কিন্তু এসব থেকে কতটুকু লাভ হচ্ছে, তা নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। পাশাপাশি তিনি এসব বিষয়ে সাংবাদিকদের সামর্থ্য বাড়ানোর কথাও বলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে অ্যাডাম স্মিথ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শুভজিৎ চট্টোপাধ্যায় এবং সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল চৌধুরী। আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাকিলা জেসমিন, সাংবাদিক শামীমা চৌধুরী ও শাহনেওয়াজ।