উন্নয়নের স্বার্থে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। কারণ, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের জনগণের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময়ে এসব কথা বলেন। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ জেলার ২ হাজার ৯৮১টি গ্রামে এই ভিডিও কনফারেন্স দেখানো হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জনগণের প্রতি। সবাই আমার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে কারণে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ অন্তত নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনো যে কিছু কিছু ঘটনা ঘটছে, সেগুলো যেন আর না ঘটে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবাই তাঁদের ধর্ম-কর্ম পালন করতে পারবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপির কোন এক নেতা কিছুদিন আগে বলেছিলেন, আওয়ামী লীগ আন্দোলনের কী দেখেছে। নভেম্বর মাসে হবে আসল আন্দোলন।’ প্রধানমন্ত্রী বলেন, তাদের আন্দোলন যদি হয় আবারও মানুষ খুন করা, ঘরবাড়ি পোড়ানো, সংখ্যালঘুদের ওপর আঘাত-নির্যাতন এবং এর মাধ্যমে দেশের সম্প্রীতি নষ্ট করা—সেই আন্দোলন কোনো দিন মানুষের সমর্থন পাবে না। এই পথে জনগণের কল্যাণ আসবে না।
শেখ হাসিনা বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের সর্বত নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমি চাইব, দেশের সবাই; যেমন মসজিদের ইমামেরা জুমার নামাজের আগে খুতবায় জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে আমাদের ইসলাম ধর্মে কী আছে, নবীজি কী বলেছেন, কোরআন শরিফে কী বলা আছে, তা মানুষের কাছে তুলে ধরবেন। বিষয়টা মানুষকে ভালোভাবে জানাতে হবে, যাতে কেউ বিপথে না যায়। আত্মঘাতী পথে পা না বাড়ায়।’

প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের কয়েকটি জেলার জনগণের সঙ্গে মতবিনিময়ের পর তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সমাপনী বক্তৃতায় বলেন, ‘বিভিন্ন জায়গার যেসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, তা আমার এখানে লিখে রাখা হয়েছে। তা আমরা সমাধানের উদ্যোগ নেব। আর স্কুলের টিফিন বা মিডডে মিলের যেসব জায়গায় সমস্যা রয়েছে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, বিত্তশালী এবং বিদ্যালয় কমিটির সঙ্গে সম্পৃক্তরাই সমাধানের যেন উদ্যোগ নেন, সে সম্পর্কে আমি আগেও বলেছি, এ জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া আছে। সরকার সহযোগিতা করবে। তবে, আপনারা নিজেরা উদ্যোগটা নিলেই বিষয়টা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি।’

সরকার বগুড়ায় রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও চাই যে বগুড়ায় রেললাইন হোক, সে জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছি। আমরা চাই প্রতিটি এলাকাই আরও উন্নত হোক এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য যেন কৃষকেরা পায়, সে জন্য আমরা খাদ্য গুদামজাত করার জন্য সাইলো নির্মাণ করে দিচ্ছি শান্তাহারে। শিগগিরই এটা উদ্বোধন করা হবে। এটা হলে পণ্য সংরক্ষণ করা যাবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করা সম্ভব হবে। আর কারও কাছে আমাদের হাত পাততে হবে না।’

গণভবনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।