সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে উন্নয়ন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে গতকাল সোমবার বিকেলে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি, শিক্ষা, শিল্পসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের স্বীকৃতিও জুটছে। কিন্তু এসবের কোনো প্রচার নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জোবাইরা নার্গিস খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল।
উপাচার্য বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এখন স্বপ্ন নয়। দেশে এখন মঙ্গা নেই। খাদ্য উৎপাদন তিন গুণ বেড়েছে। বছরের প্রথম দিনে ৫ কোটি ৬৫ লাখ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, সরকারের বিশাল এই কর্মযজ্ঞের কোনো প্রচারণা নেই। বাংলাদেশ এখন উন্নয়নের সব সূচকে এগিয়ে গেছে।
উপাচার্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্রদের হাতে বই আর কলম থাকবে; অস্ত্র নয়। ছাত্রদের কর্মসংস্থানের দায়িত্ব তিনি নিয়েছেন। আমিও আমার ছাত্রদের প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছি।’
পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে। লাঠি হাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসক বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন ও অর্জনের প্রকৃত চিত্র জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। যদি পারতাম, তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, পেট্রলবোমা মেরেছে, মানুষ তাদের ঝাড়ুপেটা করত।’
মেলা উদ্বোধনের আগে বিকেলে নগরের সার্কিট হাউস থেকে শোভাযাত্রা বের হয়। এটি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলায় সরকারি ৩১টি দপ্তরের ৪৩টি স্টল রয়েছে। এসব স্টল থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রচারপত্র বিতরণের পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে।