উন্নয়নের ১১ দফা দাবিতে খুলনায় গণ-অনশন
খুলনা উন্নয়নের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নগরের দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত গণ-অনশন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ফোরামের মহাসচিব শাহীন আজাদ, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, শ্রমিকনেতা লোকমান হাকিম, দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম শাহাদৎ, কলেজ শিক্ষক আনিসুর রহমান, সাংবাদিকনেতা মোজাম্মেল হোসেন হাওলাদার প্রমুখ।সমাবেশে বক্তারা জানান, প্রায় সব সরকারের আমলেই খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ও পরে খুলনার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উন্নয়নের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যার কিছু বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু অধিকাংশই এখনো হয়নি। এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এবং ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর খুলনা সফরের সময় তিনি এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন। খুলনা উন্নয়ন ফোরামের দাবিগুলোর মধ্যে পাইপলাইনে খুলনা নগরে দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, দৌলতপুর দিবা-নৈশ কলেজসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ, বিমানবন্দরের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, খুলনা স্টেডিয়ামকে আধুনিকীকরণ, নিউজ প্রিন্ট মিলস ও দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ সব কল-কারখানা চালুর দাবি অন্যতম।