উন্মত্ত ‘সাদ্দাম’ আপন ঘরে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সঙ্গিনীর অভাবে উন্মত্ত পোষা হাতি ‘সাদ্দাম’ পুটিছড়া সংরক্ষিত বনে আপন ঘরে আশ্রয় নিয়েছে। বনের আশপাশে বন বিভাগ পাহারার ব্যবস্থা করেছে।সাদ্দাম জুড়ী-১ রেঞ্জের পুটিছড়া বনে বিচরণ করত। সঙ্গিনী না পেয়ে কিছু দিন ধরে সে উন্মত্ত হয়ে পড়ে। গত বুধবার সকালে নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে মালিক জালাল উদ্দিন আহমদের ওপর সাদ্দাম আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে ওই দিনই জালাল মারা যান। এর পরে হাতিটি শিলুয়া চা বাগানের কুচাই ফাঁড়ি এলাকায় ঢুকে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ পরিস্থিতিতে বন বিভাগ হাতিটিকে গুলি করে মারার সিদ্ধান্ত নেয়। গুলির চেষ্টাকালে তার আক্রমণে আহত হন স্থানীয় নাসিরাবাদ কার্যালয়ের বন কর্মকর্তা মনিরুল ইসলাম। কয়েকটি গুলি শরীরে লাগলেও হাতিটি মারা যায়নি। সে পাশের শামুকছড়া সংরক্ষিত বনে চলে যায়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার ‘সঙ্গিনীর অভাবে উন্মত্ত ‘সাদ্দাম’!’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শামুকছড়া থেকে বেরিয়ে গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রাম দিয়ে জুড়ী নদী পার হয়ে সাদ্দাম হেঁটে পুটিছড়ায় চলে যায়। যাওয়ার সময় সে কারও ক্ষতি করেনি। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুটিছড়ায় হাতিটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মাহুত তাকে সার্বক্ষণিক নজরদারি করছেন।’সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন বলেন, ‘গুলির কারণে হাতিটি আরও হিংস্র হয়ে উঠতে পারত। কিন্তু গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে এ ধরনের আচরণ সে করেনি। তাই আর শঙ্কা নেই। আর হাতিটির শরীরের যেসব জায়গায় গুলি লেগেছে সেখানে ক্ষতের সৃষ্টি হতে পারে। সে ব্যাপারটিও আমাদের নজরদারিতে আছে।’