উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থা নবদিগন্তের উন্মোচন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আজকের বিশ্বে জ্ঞানার্জনের ক্ষেত্রে উন্মুক্ত ও দূরশিক্ষণ-ব্যবস্থা নবদিগন্তের উন্মোচন করেছে। শিক্ষাদানে নানাবিধ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে উন্মুক্ত শিক্ষা বিশ্বজুড়ে সবার কাছে সমাদৃত হয়েছে।

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদএসব কথা বলেন।

অনুষ্ঠানে কমনওয়েলথ অব লার্নিংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার সমাবর্তনে বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ মাননান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে। শিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভালো উপার্জন নয়, প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়া; যেখানে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের মতো গুণাবলির প্রতিফলন ঘটবে।

আচার্য আবদুল হামিদ বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত এবং প্রচলিত পদ্ধতিতে পড়াশোনার সুযোগ নেই এমন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থার নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঘরে বসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের সুবিধামতো সময়ে নিজস্ব প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ দিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ৫ হাজার ১০ জনকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এর আগে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে উপাচার্য, বোর্ড অব গভর্নরস ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ও অন্য অতিথিরা সমাবর্তন গাউন পরে শোভাযাত্রাসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।