উন্মুক্ত কয়লাখনি করতে চাইলে ফুলবাড়ীর মতো ঘটনা ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কিংবা দেশের অন্য কোথাও উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করার সরকারি উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। বড়পুকুরিয়া খনির পার্শ্ববর্তী একাধিক এলাকায় আয়োজিত সমাবেশে তাঁরা বলেছেন, উন্মুক্ত পদ্ধতির খনি করতে চাইলে ফুলবাড়ীর মতো আন্দোলন ও রক্তপাতের ঘটনা ঘটবে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট শাখা রক্ষা কমিটির আয়োজনে সানাউল্লা স্কুলের মাঠে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় রক্ষা কমিটির আহ্বায়ক আতিকুর রহমান। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চল পোড়াগ্রামে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়।ঢেড়েরহাটের সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘সরকার বড়পুকুরিয়ার একটি অংশে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত খনি করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভয়ংকর ওই প্রকল্প এখানে পরীক্ষা করার দরকার নেই। কীভাবে ভূ-গর্ভস্থ কয়লাকে গ্যাসে রূপান্তর করে ব্যবহার করা যায়, পারলে সেটার পরীক্ষা করুন। সরকার শক্তি দিয়ে ধ্বংসাত্মক ওই প্রকল্প এখানে বাস্তবায়ন করতে চাইলে ফুলবাড়ীর মতো ঘটনা ঘটবে।’ তিনি স্থানীয় জনগণকে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের সম্পদ কীভাবে রক্ষা করতে হয়, এ অঞ্চলের মানুষ তা জানে। দুর্নীতিপরায়ণ, দালাল, লুটেরা ও বহুজাতিক কোম্পানিকে উত্খাত করতে হবে। প্রয়োজনে ফুলবাড়ীর আন্দোলনের মতো সংগ্রাম গড়ে তুলে উন্মুক্ত খনি নামের ভয়ংকর প্রকল্প রুখে দিতে হবে।জাতীয় কমিটির সদস্য এম এম আকাশ বলেন, এশিয়া এনার্জির খুব শখ ছিল ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করবে। কিন্তু এ অঞ্চলের মানুষ তাদের শখ মিটিয়ে দিয়েছে। এবার সরকার বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করার সিদ্ধান্ত নিয়েছে। এটাও প্রতিহত করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।কয়েক দিন আগে জার্মানির একটি উন্মুক্ত কয়লাখনি পরিদর্শন করে এসেছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলবাড়ী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম। সমাবেশে তিনি বলেন, জার্মানির ওই খনির অবস্থান ও এই এলাকার অবস্থানের মধ্যে আকাশ-পাতাল ফারাক। জার্মানির খনি বিরানভূমিতে। সেখানে ফসলি জমি নেই। খনি থেকে ছয় কিলোমিটার দূরের গ্রামগুলোতেও মানুষজন থাকতে পারছে না। সেখানে পানির সমস্যা প্রকট। জার্মানির খনি ও এ অঞ্চলের খনির সাদৃশ্য নিয়ে যেসব খবরাখবর প্রচার করা হয়, সেগুলো মিথ্যাচার। তিনি সবাইকে বাঁশের লাঠি প্রস্তুত করার নির্দেশ দেন। উন্মুক্ত খনি করতে এলেই প্রতিহত করার ঘোষণা দেন।সমাবেশে এ ছাড়া রক্ষা কমিটির কেন্দ্রীয় নেতা নূর মোহাম্মদ, ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম, সদস্যসচিব আবদুল মতিন, এস এম নূরুজ্জামান ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। মাস দুয়েক ধরেই রক্ষা কমিটি ওই অঞ্চলে তাদের তত্পরতা অব্যাহত রেখেছে।