উন্মুক্ত কয়লাখনির কারণে ভারতের ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের মানুষ পানিশূন্যতা, কাজের অভাব, শিক্ষা-স্বাস্থ্য বিপর্যয়ে ভুগছে বলে দাবি করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই অভিজ্ঞতার আলোকে জাতীয় কমিটি বলেছে, বাংলাদেশে এ ধরনের প্রকল্প কল্পনাও করা যায় না।
‘ভারতের উন্মুক্ত খনি ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা এবং ফুলবাড়ী ও রামপাল আন্দোলন’ বিষয়ে এক মতবিনিময় সভায় কমিটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় ওই অঞ্চলগুলো ঘোরার অভিজ্ঞতা তুলে ধরা হয়।
সভায় জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, পাথুরে মাটি ও কম জনবসতি থাকার পরও সেখানে অকালমৃত্যু, জন্মগত পঙ্গুত্ব বাড়ছে। তিনি বলেন, ‘সরকার যেই হোক, কোনো অজুহাতে সুন্দরবন ধ্বংস করে, বঙ্গোপসাগর দখল করে এবং উত্তরাঞ্চল ধ্বংস করে দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থে কোনো প্রকল্প করতে দিতে পারি না। দেশপ্রেমিক কোনো মানুষই এ ধরনের ধ্বংসযজ্ঞকারী প্রকল্প বরদাশত করবে না।’
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সভায় বলেন, বর্তমান অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে, ক্ষমতায় বা ক্ষমতার পালাবদলে যাঁরা থাকবেন বা আসবেন, এঁদের অবস্থান হবে জনস্বার্থবিরোধী। তাই আন্দোলন অব্যাহত রেখে দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে হবে। তিনি জাতীয় কমিটির ৭ (সাত) দফা বাস্তবায়ন করে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানসহ জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, নুর মোহাম্মদ, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি।