উন্মুক্ত কয়লাখনির পক্ষে মত দিল সংসদীয় প্রতিনিধিদল
শিল্পোন্নত দেশ জার্মানির উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি পরিদর্শন করে এসে বাংলাদেশের অন্তত দুটি ক্ষেত্রে এই পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করেছে সংসদীয় প্রতিনিধিদল। দলটি সরকারের কাছে দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করেছে। গত ২৫ জানুয়ারি সংসদ সচিবালয় থেকে সংশ্লিষ্ট সবার কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছে।‘জার্মানি সফরের অভিজ্ঞতালব্ধ’ ওই প্রতিবেদনের ‘সুপারিশ’ উপশিরোনামে বলা হয়েছে, বড়পুকুরিয়ার উত্তরাঞ্চল ও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যেতে পারে। এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে প্রতিবেদনে বলা হয়, অন্যথায় ভবিষ্যতে পরিবেশগত কারণ দেখিয়ে অন্যান্য দেশসহ বাংলাদেশের ওপর কয়লা উত্তোলনে আন্তর্জাতিক পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।বাংলাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি পরিচালনার ভালোমন্দ দিক নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। জনমনে পরিবেশগত বিপর্যয়সহ নানা আশঙ্কার কারণে ফুলবাড়ীতে এ নিয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভের ঘটনা ঘটেছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের ওই প্রতিনিধিদলে মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তাও ছিলেন। তাঁরা জার্মানির কোলনের হ্যামবাক উন্মুক্ত খনি ও ইনডেন খনি থেকে কয়লা তোলার পর উদ্ধার করা ভূমি, উন্মুক্ত খনির কারণে উচ্ছেদ হওয়াদের জন্য গড়ে তোলা পুনর্বাসন এলাকা এবং একটি কয়লাভিত্তিক ও একটি বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।প্রতিবেদনের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, জার্মানির ওই উন্মুক্ত পদ্ধতির খনি পরিচালনায় সব ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। জার্মানির সুসংগঠিত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ খনি কার্যক্রম ও পরিবেশের ওপর এর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে উল্লেখ করে বলা হয়, বাংলাদেশেও উন্মুক্ত পদ্ধতির খনির ক্ষেত্রে এসব ব্যবস্থা নিতে হবে। প্রতিবেদনে বলা হয়, কোলনে আরডব্লিউই পাওয়ার পরিচালিত উন্মুক্ত কয়লাখনি বাংলাদেশে এ ধরনের খনি পরিচালনায় একটি ‘অনুসরণীয় দৃষ্টান্ত’ হতে পারে। কারণ বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লাক্ষেত্রের ভূ-গঠন (বালু ও নুড়িসমৃদ্ধ উপরিস্তর), কয়লার পুরুত্ব, ভূগর্ভস্থ পানির স্তর—এসবের সঙ্গে কোলনের কয়লাক্ষেত্রের মিল রয়েছে।এ ছাড়া পুনর্বাসন এলাকা দেখে ও পুনর্বাসিত মানুষের সঙ্গে কথা বলে কমিটির ধারণা হয়েছে যে সুষ্ঠু পরিকল্পনা করা হলে পরিবেশের ন্যূনতম ক্ষতি করে বাংলাদেশেও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সম্ভব। কমিটির মতে, জার্মানির ওই খনির ভূগর্ভস্থ পানি নিষ্কাশনসহ খনি এলাকার পানি ব্যবস্থাপনা ও খনির কার্যক্রম শেষে পুনরুদ্ধার করা ভূমির যে উচ্চ কৃষি উৎপাদনশীলতা দেখা গেছে, তা বাংলাদেশেও বাস্তবায়ন সম্ভব।কমিটির ‘বিশেষ পর্যবেক্ষণ’ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও গ্রামীণ সমাজের সঙ্গে উন্মুক্ত কয়লাখনির সহাবস্থান হতে পারে এবং পরিবেশসংক্রান্ত বিষয়গুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্মুক্ত খনির কারণে মরুকরণের সম্ভাবনা নেই বলেও তাঁরা উল্লেখ করেন। উন্মুক্ত পদ্ধতির খনির বিষয়ে উদ্বেগের প্রধান দিকটি হচ্ছে এর পরিবেশগত প্রতিক্রিয়া। কয়লা উত্তোলনের পর শূন্যস্থানটি যাতে পানিতে ভরে না যায়, সে জন্য এর ভূগর্ভস্থ পানি অনবরত তুলে ফেলতে হয়। এই প্রক্রিয়া চালাতে হবে পুরো প্রকল্পকালেই।গত কয়েক বছরে কয়েকজন মন্ত্রী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ কয়েকটি প্রতিনিধিদল কোলনের উন্মুক্ত খনি পরিচালনব্যবস্থা দেখে এসেছে। এসব পরিদর্শনের ওপর সরকারের কাছে উপস্থাপন করা প্রতিবেদনে উন্মুক্ত পদ্ধতির পক্ষে মত দেওয়া হয়েছে।