উন্মুক্ত খনির কয়লায় চলবে এক হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়ায় বিদ্যমান কয়লাখনির একাংশ থেকে উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা তুলে এক হাজার মেগাওয়াটের একটি নতুন বিদ্যুৎকেন্দ্র চালানোর পরিকল্পনা করেছে সরকার। উন্মুক্ত পদ্ধতির খনি উন্নয়নের পাশাপাশি ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।
সূত্র জানায়, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে নিবিড় সমীক্ষা চালিয়ে প্রতিবেদন তৈরির কাজ চলছে। এই প্রতিবেদন পাওয়া গেলেই সে অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বড়পুকুরিয়ার প্রস্তাবিত উন্মুক্ত খনির পানি ব্যবস্থাপনা সম্পর্কে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) প্রতিবেদন পাওয়া যাবে। তারপরই কীভাবে, কোন ব্যবস্থাপনায় উন্মুক্ত পদ্ধতির খনি উন্নয়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উন্মুক্ত পদ্ধতিতে তোলা ওই কয়লা দিয়ে বড়পুকুরিয়াতেই এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে দেশের জ্বালানি বিশেষজ্ঞদের মধ্যে জোরালো বিতর্ক চলে আসছে। স্থানীয় পরিবেশের ওপর প্রভাবসহ বিভিন্ন কারণের উল্লেখ করে বিশেষজ্ঞদের একাংশ এর বিরোধিতা করছেন।
তবে সরকারি-বেসরকারি কয়েকটি সূত্র বলছে, বড়পুকুরিয়া কয়লাখনি জাতীয় অপচয়ের একটি প্রকৃষ্ট উদাহরণ। কারণ, এই খনির যে প্রকৃতি তাতে এখানে ভূগর্ভস্থ বা সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলা প্রকৃতপক্ষে খনিটি ধ্বংস করে দেওয়ার নামান্তর। সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে পরামর্শক প্রতিষ্ঠান বলেছিল, এই খনি থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে মোট মজুতের সর্বোচ্চ ১৫ শতাংশ কয়লা তোলা সম্ভব হতে পারে। বাকি কয়লা আর কোনো দিনই তোলা যাবে না। আর ১৫ শতাংশ কয়লা তুলতেও নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। বিভিন্ন পর্যায়ে একাধিকবার এ ধরনের বিপর্যয় ঘটেছেও। একবার পুরো খনি পানিতে নিমজ্জিত হয়। বিদেশি বিশেষজ্ঞসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে হঠাৎ হঠাৎ বিষাক্ত মিথেন গ্যাসের নিঃসরণে। এ ছাড়া, লক্ষ্যমাত্রা অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৯০ লাখ টন কয়লা উত্তোলিত হওয়ার কথা থাকলেও হয়েছে ৬০ লাখ টনের মতো।
সরকার এখন খনিটির যে অংশে সবচেয়ে কম গভীরতায় কয়লা রয়েছে সেখানে উন্মুক্ত পদ্ধতির খনি করার কথা ভাবছে। কয়লানীতির খসড়া চূড়ান্ত করার জন্য গঠিত জাতীয় কমিটি প্রথম বড়পুকুরিয়া খনির একাংশ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করেছিল। সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বড়পুকুরিয়ার ১১৮ থেকে ২৫০ মিটার গভীরতা থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে প্রাক্কলিত হিসাবে যে পরিমাণ কয়লা পাওয়া যাবে, তা দিয়ে এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র চলবে প্রায় ৩০ বছর।
বড়পুকুরিয়া কয়লাখনির বিস্তৃতি প্রায় ৬ দশমিক ৬৮ বর্গকিলোমিটার। এই খনিতে মাত্র ১১৮ মিটার থেকে সর্বোচ্চ ৫০৯ মিটার গভীরতায় কয়লা রয়েছে। খনিটিতে কয়লার প্রাক্কলিত মজুত ৩৯ কোটি টন। এ কয়লার মান খুব ভালো।