
সিলেট সিটি করপোরেশন এলাকায় ৯৬৭ কিলোমিটার নালা-নর্দমা রয়েছে। এর মধ্যে মাত্র ২২০ কিলোমিটার অংশে ঢাকনা রয়েছে। বাকি ৭৪৭ কিলোমিটার অংশ উন্মুক্ত অবস্থায় থাকায় নগরবাসীকে নাজেহাল হতে হচ্ছে। তবে সিটি করপোরেশনের দাবি, প্রতিবছরই ধারাবাহিকভাবে উন্মুক্ত নালা-নর্দমায় ঢাকনা নির্মাণের কাজ করা হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, বৃষ্টির সময় জলাবদ্ধতা তৈরি হলে নর্দমাগুলো চোখের আন্দাজে ঠাহর করে পথ চলতে হয়। এতে প্রায় সময়ই নর্দমায় পড়ে পথচারী বা রিকশাসহ যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এমনকি রাতের অন্ধকারে পথচারীরা নর্দমায় পড়ে যাচ্ছেন।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা জানিয়েছে, ২৬ দশমিক ৮০ বর্গকিলোমিটার নগরে কাঁচা-পাকা মিলিয়ে ৯৬৭ কিলোমিটার নালা-নর্দমা রয়েছে। এর মধ্যে কাঁচা নর্দমা ৪০০ কিলোমিটার এবং পাকা নর্দমা রয়েছে ৫৬৭ কিলোমিটার। পাকা অংশের কেবল ২২০ কিলোমিটার অংশে ঢাকনা থাকলেও বাকি অংশ উন্মুক্ত রয়েছে। এর বাইরে নগরের ওপর দিয়ে প্রবাহিত নয়টি ছড়ার ৮০ কিলোমিটার অংশও উন্মুক্ত অবস্থায় রয়েছে।
স্থানীয় লোকজন জানান, নগরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও সোবহানীঘাট, দরগামহল্লা, সোবহানীঘাট, বাগবাড়ি, পিরমহল্লা, শিবগঞ্জ, সোনারপাড়া, কালীবাড়ি, জামতলা, বাগবাড়ি, সুবিদবাজার, পাঠানটুলা, ছড়ারপাড়, কাজিরবাজার, রায়নগর, সেনপাড়া, যতরপুর, উপশহর, চালিবন্দর, ছড়ারপার এলাকার নালা-নর্দমাগুলোতে ঢাকনা না-থাকায় সেগুলো দীর্ঘদিন ধরেই অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে ফুটপাত ধরে পথচারীরা হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সরেজমিনে নগরের সোবহানীঘাট ও দরগামহল্লা এলাকায় গিয়ে দেখা গেছে, নর্দমাগুলো স্থানে স্থানে উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। কোথাও লোহার রড এঁকেবেঁকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোবহানীঘাট এলাকার ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, এসব উন্মুক্ত নর্দমার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে পথ চলতে হয়। এর মধ্যে বৃষ্টি হলে নর্দমার সব ময়লা-আবর্জনা রাস্তায় এসে পড়ে। পাশাপাশি ঢাকনা না-থাকায় মশার উপদ্রব সারা বছর লেগেই থাকে।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, বর্তমানে নগরের বিভিন্ন নালা-নর্দমার উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে আট কিলোমিটার আরসিসি ড্রেন, ২৩ কিলোমিটার আরসিসি কভার ড্রেন নির্মিত হচ্ছে। পাশাপাশি কিছু বক্স কালভার্টও নির্মিত হচ্ছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, নালা-নর্দমাগুলোর অধিকাংশই উন্মুক্ত থাকায় নগরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে—এটি সঠিক। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আন্তরিকভাবে এ সমস্যা দ্রুত সমাধানে চেষ্টা করছে।