শর্ত সাপেক্ষে বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি উন্নয়নের সুপারিশ চূড়ান্ত করেছে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি। গতকাল রোববার কমিটির এক বৈঠকে রিপোর্টটি চূড়ান্ত হয়। এতে সুনির্দিষ্টভাবে পাঁচটি সুপারিশ ছাড়াও বেশ কিছু বিষয়ে অভিমত দেওয়া হয়েছে। বিশেষ করে পানি ব্যবস্থাপনা, পরিবেশ ও কৃষি নিয়ে ইতিমধ্যে যেসব প্রশ্ন উঠেছে; তা মোকাবিলা করা সম্ভব হলে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা আহরণই উত্তম পন্থা বলে কমিটি রিপোর্টে মত দিয়েছে। ঈদের পর রিপোর্টটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমা দেওয়া হতে পারে বলে বৈঠক সূত্র জানিয়েছে।রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে কমিটির আহ্বায়ক পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৩ জন সদস্য রিপোর্টে সই করেন। কমিটির বাকি দুজন সদস্য অনুপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, রিপোর্টের পাঁচটি সুপারিশ হলো: বড়পুকুরিয়া কয়লাখনির উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা; ফুলবাড়ী প্রকল্পে ইতিমধ্যে সম্পাদিত সমীক্ষা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেসব বিষয়ে নতুন করে সমীক্ষা চালানো; খালাসপীরে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লাখনি উন্নয়নে আরেকটি প্রকৌশল ও অর্থনৈতিক সমীক্ষা; দীঘিপাড়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লাখনি উন্নয়নের বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও অনুসন্ধান এবং জামালগঞ্জে ‘কোল বেড মিথেন’ অথবা ভূগর্ভে কয়লা পুড়িয়ে গ্যাসে রূপান্তরের লক্ষ্যে আন্ডারগ্রাউন্ড গ্যাসিফিকেশন পদ্ধতিতে কয়লা ব্যবহারের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প গ্রহণের জন্য স্থান নির্ধারণ। এ ছাড়া বেশ কয়েকটি বিষয়ে মত দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। গত বছরের ১৪ সেপ্টেম্বর সরকার পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটিকে চার মাস সময় দেওয়া হলেও রিপোর্ট চূড়ান্ত করতে এক বছর পেরিয়ে যায়।