উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খাতাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ৪০০ খাতাসহ মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের তিন কর্মচারীকে গত শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন এমএলএসএস গোলাম মোস্তফা (৫৪) ও এবাদত হোসেন (৪৫) এবং ল্যাব সহকারী সুভাষ বিশ্বাস (৬০)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক গতকাল শনিবার বিকেলে তাঁর কার্যালয়ে ওই তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ড পাওয়া ওই তিনজনের বরাত দিয়ে মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবু হেনা বলেন, ওই তিনজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে তাঁরা বিষয়প্রতি চার থেকে নয় হাজার টাকা পর্যন্ত নিতেন। চক্রটি শিক্ষার্থীদের কাছে খাতা দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে সেগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয়। সেখান থেকে এসব খাতা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া খাতার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। গত বছরও এই তিন কর্মচারী খাতা জালিয়াতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, তিনি গোপন সূত্রে খবর পান ওই তিনজনের কাছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অনেকগুলো খাতা রয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে আর্থিক চুক্তি করে তাঁরা ওই খাতা পরীক্ষার আগে বা পরে পরীক্ষার্থীদের দিয়ে বাড়িতে বসে লিখিয়ে নেন। পরবর্তী সময়ে খাতা মূল্যায়নের আগে তা মূল খাতার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।
ইউএনও আরও জানান, রাত ১০টার দিকে শহরের মসলা গবেষণা ইনস্টিটিউট এলাকায় গোলাম মোস্তফাকে দুটি খাতাসহ হাতেনাতে আটক করা হয়। ওই খাতা দুটি তিনি দুই শিক্ষার্থীর কাছ থেকে লিখিয়ে নিয়ে যাচ্ছিলেন।
পরে তাঁকে সঙ্গে নিয়ে সদর উপজেলার শিবরামপুর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি খাতা উদ্ধার করা হয়। এরপর নড়িহাটি গ্রামের বাড়ি থেকে এবাদত হোসেন ও শহরের নিজনান্দুয়ালী থেকে সুভাষ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০টি খাতা জব্দ করা হয়।
অভিযোগ সম্পর্কে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস বলেন, ‘গত শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি ও বিকেলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। ঘটনা জানার পর আমরা আমাদের কাছে সংরক্ষিত খাতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। আমাদের কাছে থাকা কোনো খাতা খোয়া যায়নি।’
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাগুরা জেলার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি পরীক্ষা শেষে খাতা সিলগালা করা পর্যন্ত ছিলাম। ওই সময় পর্যন্ত বাইরে খাতা যাওয়ার সুযোগ নেই।’