উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসিতে পাসের হার প্রায় ৭৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১২ সালের এসএসসি পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭২ দশমিক ৯৭ শতাংশ। আগের বছর এই হার ছিল ৫৮ দশমিক ৫০ শতাংশ। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারই প্রথমবারের মতো মন্ত্রণালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা হলো। বিষয়টিকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবেই এভাবে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএসসিতে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় মোট ৬১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭৮ জন ও ছাত্রী ১৯ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। জিপিএ-৪ পেয়েছে তিন হাজার ৫৬১ জন। বাকিরা অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.edu.bd ও www.exam.bou.edu.bd) পাওয়া যাবে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী পাঁচ লাখ ৭০ হাজার ২০১ জন। আগামী পাঁচ বছরে এ সংখ্যা ১০ লাখে উন্নীত করা হবে।