উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
গত ১ জুন প্রথম আলোতে ‘যেমন খুশি তেমন চলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’ এবং ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থির প্রশাসন’ শিরোনামে প্রকাশিত সংবাদ দুটির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের প্রেক্ষাপটকে খণ্ড খণ্ডভাবে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়কে হেয় করার চেষ্টা করা হয়েছে।শিক্ষার্থীর তথ্য: প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত গ্রাফচিত্রে উল্লেখ করা হয়েছে, এক বছরে শিক্ষার্থী ভর্তি কমেছে ৯৭ দশমিক ৬৫ শতাংশ। আর ২০১০ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ৮২১ জন। তথ্য দুটি সঠিক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৭০ হাজার ৫২৬ জন। ২০১১ সালে ভর্তি হওয়া বিএড, বিবিএ, বেল্ট ও চার বছর মেয়াদি স্নাতক কোর্সের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চার হাজার ৮২১। বাকি ১৬টি কোর্সের ভর্তি কার্যক্রম চলমান ও প্রক্রিয়াধীন।প্রতিবেদকের বক্তব্য: গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শান্তি নারায়ণ ঘোষের উপস্থাপিত বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, ২০০৯-১০ শিক্ষাবর্ষে যেখানে নতুন ছাত্রের সংখ্যা ছিল দুই লাখ পাঁচ হাজার ৫৯৯ জন, সেখানে ২০১০-১১ বর্ষে নতুন ছাত্রের সংখ্যা মাত্র চার হাজার ৮২১ জন। ওই বছর বিএড ও বিবিএ ছাড়া অন্য কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়নি। বাজেট প্রস্তাবনাটি অর্থকমিটি সুপারিশ করে ওই দিন বোর্ড অব গভর্নরসে পাঠানো হয়েছে। ফলে এটিই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত তথ্য। প্রথম আলো তার প্রতিবেদনে ভর্তিসংক্রান্ত সব তথ্য বাজেট প্রস্তাবনা থেকেই নিয়েছে। প্রতিবেদনে শুধু ২০১০ সালের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় যে তিন লাখ শিক্ষার্থী দাবি করেছে, তা মূলত পুরোনো শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়া তথ্য ধরে। ভর্তি বিলম্ব: শিক্ষা কোর্সের গুণগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের সব কোর্সের ডিজিটাইজেশন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত, নিজস্ব কার্যালয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। তবে তা একই শিক্ষাবর্ষের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: ২০১০ সালে শিক্ষার্থী ভর্তি না করার বিষয়টিকে কর্তৃপক্ষ বিলম্বে ভর্তি বলে দাবি করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাবনায়ই বলা হয়েছে, ওই বছর বিএড ও বিবিএ ছাড়া অন্য কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়নি। শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় গত অর্থবছরে আর্থিক ক্ষতির মুখে পড়েছে।বদলি: বিভিন্ন সময় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পদ না থাকার পরও নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমান প্রশাসন জবাবদিহি, স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে বদলি ও পদায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল রাখার চেষ্টা করছে।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে দুই দিনে ২১৯ ও ১৭৭ জনকে বদলি করার তথ্য দেওয়া হয়েছে। কিন্তু এত প্রশাসনে গতিশীলতা আসলে ভর্তি বন্ধ রাখা, শিক্ষার্থী ও আয় কমার ঘটনা কেন ঘটল তার ব্যাখ্যা নেই। উপাচার্যের বিদেশ ভ্রমণ: কর্তৃপক্ষ বলছে, উপাচার্য পদাধিকার বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য। তাই প্রতিনিধিত্বের প্রয়োজন থাকায় তাঁকে সেসব সভায় যেতে হয়। প্রতিবেদকের বক্তব্য: এ বিষয়ে তথ্যগত কোনো ভুল আছে এমন দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও করেনি। উপাচার্য গত দুই বছরে ১১২ দিন বিদেশে ছিলেন। ভালো কাজ: কর্তৃপক্ষ বলেছে, প্রতিবেদনের শেষাংশে ভালো কাজের কিছু বিবরণ দেওয়া হলেও তাতে স্মৃতিস্তম্ভে স্বাধীনতার বিকৃত ইতিহাস অপসারণ ও পুনরায় তা নির্মাণ, শহীদ মিনার স্থাপন, বিশ্ববিদ্যালয়ে মিলনায়তন-কাম প্রশিক্ষণ কেন্দ্র, অতিথি ভবন, মাল্টিমিডিয়া ও একাডেমিক স্পেস নির্মাণ করার বিষয়ে উল্লেখ করা হয়নি। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদন দুটি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসন নিয়ে। অবকাঠামো নির্মাণ নিয়ে নয়। স্বীকার: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষায় দীর্ঘসূত্রতা, ফল প্রকাশে বিলম্ব, খাতা কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না করার বিষয়গুলো স্বীকার করেছে। এই সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।কিছু বিষয়ে নীরবতা: কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যায় অনেক বিষয়ে কথা বললেও একটি কোর্স বন্ধ করে আবার চালু করা, একাডেমিক কাউন্সিলে অনুমোদন না করে এসএসসি-এইচএসসির ভর্তি নীতিমালা জারি, নতুন নীতিমালার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি, পরে এর জন্য ভর্তির সময় বাড়ানোর বিষয়গুলো এড়িয়ে গেছে।