উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এরশাদুল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এ আদেশ দেন। আগামী ১৪ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল এরশাদুল বারীকে আদালতে হাজির হওয়ার জন্য দ্বিতীয় দফায় সমন জারি করা হয়েছিল। সমন অনুযায়ী আজ আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।গত ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বাদী হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, বাদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন প্রণীত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আসামিরা পর্যায়ক্রমে দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে মূল বইয়ে তাঁদের নাম ব্যবহার করে ও পাণ্ডুলিপি বিকৃত করে তা পুনঃসংস্করণ বের করেন। এ সময় ওই পাণ্ডুলিপি থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে স্বাধীনতার ঘোষণাসহ মূল পাণ্ডুলিপির পরিবর্তন ঘটিয়ে ভিন্ন তথ্য সংযোজন করা হয়।