
বহু প্রতীক্ষিত মগবাজার-মৌচাক উড়ালসড়কের একাংশ দিয়ে যান চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসড়কের সাতরাস্তা থেকে রমনার হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী প্রকল্প এলাকা ত্যাগ করার পর উড়ালসড়কের এই অংশটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী সাতরাস্তা অংশে উদ্বোধনের ফলক উন্মোচন করে উড়ালসড়কের ওপর দিয়ে হলি ফ্যামিলি হাসপাতাল প্রান্তে পৌঁছান। এরপর অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। উন্মুক্ত করে দেওয়ার পর গতকাল দিনভর যানবাহন চলাচল করে। উৎসুক মানুষের অনেকেই দেখতে আসেন উড়ালসড়কটি।
গতকাল চালু হওয়া উড়ালসড়কের অংশটির দৈর্ঘ্য দুই কিলোমিটারের কিছু বেশি।

টঙ্গী ডাইভারশন সড়ক ব্যবহার করে চলাচলকারী যানবাহনগুলো এখন উড়ালসড়ক ও নিচের সড়ক দুটিই ব্যবহারের সুবিধা পাবে। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, এই উড়ালসড়কটি আট কিলোমিটার দীর্ঘ। বাকি ছয় কিলোমিটারের কাজ শেষ না হওয়ায় এর পুরো সুফল পাচ্ছে না মানুষ। প্রকল্প কর্মকর্তারা বলছেন, আগামী জুনে বাংলামোটর থেকে মৌচাক অংশ এবং মৌচাক-আবুল হোটেল অংশ ডিসেম্বরে চালু করা যাবে। আর এফডিসিমুখী পথটির কাজ শেষ হয়নি বলে এই অংশটি অব্যবহৃত থাকছে।
উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ফেব্রুয়ারি। অথচ চুক্তি অনুযায়ী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ব্যর্থ হওয়ার ফলে সময় ও ব্যয় দুটিই বৃদ্ধি পেয়েছে। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) ঋণ এবং সরকারের নিজস্ব অর্থ মিলিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
উড়ালসড়কে ওঠানামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল-সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে লুপ বা র্যা ম্প রাখা হয়েছে।
বর্তমানে এই উড়ালসড়ক প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ২১৯ কোটি টাকা। গতকাল উদ্বোধন করা অংশটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও দেশীয় নাভানা কনস্ট্রাকশন। প্রকল্পের অন্য দুই অংশের ঠিকাদার চীনের এমসিসিসি ও দেশীয় তমা কনস্ট্রাকশন।
বার্তা সংস্থা বাসস জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের বাকি অংশ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘রূপকল্প ২০২১ অনুযায়ী আমরা ঢাকা মহানগরীকে একটি বিশ্বমানের মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকা শহরের যানজট কমাতে ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে আমি মগবাজার-মৌচাক ফ্লাইওভার (উড়ালসড়ক) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য ঢাকাবাসীর, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে এর নির্মাণের সব কার্যক্রম বন্ধ করে দেয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল এবং হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ দ্রুতগামী উড়ালসড়ক নির্মাণ কার্যক্রম শুরু করেছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে স্কুল পর্যায়ে ট্রাফিক আইন শিক্ষাদানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে কী কারণে সেটা ঘটল, তা খতিয়ে দেখতে হবে এবং শুধু চালককে দোষ দিলে হবে না। দুর্ঘটনাকবলিত ব্যক্তির দোষ কতটুকু বা কী, সেটাও খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা ড্রাইভারের কাঁধে দোষ দিয়ে ড্রাইভারকে মারতে যান, তাঁদের আমি অনুরোধ করব, আগে দেখুন কার দোষে দুর্ঘটনাটা ঘটেছে। পথচারীর দোষ কতটুকু।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অ্যাক্সিডেন্ট হলেই গাড়ি ভাঙা, আগুন দেওয়া, মানুষকে প্রহার করা, এসব পরিহার করতে হবে।’
রাস্তা পারাপারের সময় নিয়ম মেনে পদচারী-সেতু, ভূতল পথ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র দৌড় দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, এগুলো বন্ধ করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে এসব কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। তিনি আরও বলেন, হঠাৎ করে কেউ দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগামী একটা যান তৎক্ষণাৎ থামতে পারে না। একটি যন্ত্র চাইলেই চট করে থামানো যায় না।
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম মুতাইরি, স্থানীয় সরকার বিভাগের সচিব এম এ মালেক এবং এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।