ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় দেড় যুগ আগে গড়ে ওঠা অবৈধ স্থাপনার নিচে চাপা পড়া একটি শহীদ মিনার মানুষের চোখের সামনেই উন্মুক্ত হয়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ), শ্রীপুর থানা এবং মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম জানান, সড়ক ও জনপথের জায়গায় অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা অননুমোদিত এসব দোকানপাটের কিছুসংখ্যক মালিক গতকাল সকালে তাঁদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেন। যেসব দোকানমালিক তাঁদের দোকানপাট সরিয়ে নেননি, তাঁদের অবকাঠামো সওজের বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়।মাওনা চৌরাস্তার অধিবাসী এস এম আবুল কালাম আজাদ শহীদ মিনারটি বন্ধ করার জন্য কোনো শক্তি যেন আবার সওজের জায়গা দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকতে অনুরোধ করেন।