উন্মুক্ত হলো স্মৃতিস্থাপনা
স্মৃতিস্থাপনার মূল কাঠামো একটি মাইক্রোবাস। এটি দুর্ঘটনার স্মারকও। মাইক্রোবাসের এক পাশে ঝুলে থাকা পাঁচটি হাত মনে করিয়ে দিচ্ছে হারিয়ে যাওয়া পাঁচটি জীবনের কথা। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন। তাঁদের স্মরণে নির্মিত ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’টি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলসংলগ্ন সড়কদ্বীপে স্থাপিত এ শিল্পস্থাপনা সবার জন্য উন্মুক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আগে গত ১ সেপ্টেম্বর স্মৃতিস্থাপনাটি উদ্বোধন করা হয়। তবে কিছু কাজ বাকি ছিল বলে তখন স্থাপনাটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তারেক মাসুদ, মিশুক মুনীরের মতো কৃতী সন্তানদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। এ ধরনের সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।
২০১১ সালের ১৩ আগস্ট ভোরে কাগজের ফুল চলচ্চিত্রের দৃশ্য ধারণের স্থান নির্বাচন করতে মানিকগঞ্জে গিয়েছিলেন চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ নয়জন। ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তাঁদের মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয় উল্টো দিক থেকে আসা একটি বাস। সেখানেই মারা যান পাঁচজন—তারেক, মিশুক, মাটির ঘর নির্মাণকর্মী জামাল হোসেন, গাড়িচালক মুস্তাফিজুর রহমান ও কর্মী মোতাহার হোসেন ওরফে ওয়াসিম। আহত হন তারেকের স্ত্রী ও চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি। একমাত্র অক্ষত থাকেন কাগজের ফুল-এর সহকারী পরিচালক মনিস রফিক।
স্মৃতিস্থাপনা উন্মুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী, বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, স্মৃতিস্থাপনার নিসর্গ-নকশাকার স্থপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের নেতৃত্বে এ স্মৃতিস্থাপনা নির্মাণ করেছেন সেদিনের দুর্ঘটনা থেকে বেঁচে আসা শিল্পী ঢালী আল মামুন। এটি নির্মাণ ও স্থাপনে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ফাউন্ডেশন, বার্জার পেইন্টস, বেসরকারি সংস্থা ব্র্যাক, নাসির উদ্দীন ইউসুফ এবং মানবাধিকারকর্মী খুশী কবির।