উপকমিশনারের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
বসুন্ধরা আবাসিক এলাকায় লাকি ত্রিপুরা (১৩) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরার বাসার গৃহকর্মী ছিল।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান লাকি ত্রিপুরার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাকি ত্রিপুরা বসুন্ধরার এ ব্লকের ১১ নম্বর সড়কের একটি বাড়ির নয়তলার ছাদে শুকোতে দেওয়া কাপড়চোপড় আনতে যায়। একপর্যায়ে লাকি ছাদ থেকে পড়ে যায়। এতে তার হাত, বুকসহ শরীরের নানা স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোর সাড়ে চারটার দিকে সে মারা যায়।
এদিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লাকি ত্রিপুরা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। লাকি নয়তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে লাকির মা ফুলমালা ত্রিপুরা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। অবশ্য ওসি এক প্রশ্নের জবাবে বলেন, নয়তলার ছাদে সীমানাপ্রাচীর ছিল।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাকির মা ফুলমালা ত্রিপুরা এ নিয়ে কথা বলতে রাজি হননি। যোগাযোগ করেও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। লাকি ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নয়াপাড়ায়।