উপকরণ কেনার টাকা ছয় মাসেও বিতরণ করা হয়নি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য খেলনা ও অন্যান্য শিক্ষা-উপকরণ কেনার জন্য বরাদ্দ করা অর্থ উত্তোলন করার পরও গত ছয় মাসেও তা বিতরণ করেননি ময়মনসিংহের ফুলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ নিয়ে শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ফুলপুর উপজেলা পরিষদ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১২-১৩ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পাঁচ হাজার টাকা করে ফুলপুর উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট ছয় লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
ওই টাকা তখনই উত্তোলন করে শিশুদের জন্য ছোট আকারের ফুটবল, টেনিস বল, স্কিপিং দড়ি, লুডু, মাদুর, প্লাস্টিকের বর্ণ ও মডেল (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ), কাগজ ও পেনসিল কেনার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই সময়ে টাকা উত্তোলন না করে গত ১৯ জুন উত্তোলন করেন। সেই টাকা এখন পর্যন্ত বিদ্যালয়গুলোতে বিতরণ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, প্রত্যয়নপত্র দেওয়ার পরও টাকা দেওয়া হচ্ছে না। এখন তিনি (ওই কর্মকর্তা) প্রতিটি স্কুল থেকে ৫০০ টাকা করে দাবি করছেন। কিন্তু তাঁরা ওই টাকা দেননি বলে ওই কর্মকর্তা টাকা বিতরণ করছেন না।
অর্থ দাবি করার অভিযোগ অস্বীকার করে ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, শিশুদের ওই সব জিনিস কিনে প্রধান শিক্ষকদের প্রত্যয়নপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তাঁরা অনেকেই জমা দেননি। তাই টাকা দিতে দেরি হচ্ছে। তবে তিনি কয়েক দিনের মধ্যেই টাকা বিতরণ করবেন।