উপকরণ থাকলে গণিত শেখা সহজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠের টুকরা জোড়া দিয়ে বানানো হয়েছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। চাপ দিলেই আকৃতিতে পরিবর্তন হয়। আয়তক্ষেত্র হয়ে যায় সামন্তরিক, আর বর্গক্ষেত্র হয় রম্বস। চারটি কাঠের টুকরা দিয়ে শিক্ষকেরা কৌতূহলী শিক্ষার্থীদের সহজভাবে বুঝিয়ে দিলেন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক ও রম্বসের সংজ্ঞা এবং পার্থক্য।রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার ‘গণিত শিখন সামগ্রী মেলায়’ উপস্থাপন করা হয় ‘কঠিন গণিত’ শেখার এ ধরনের কিছু সহজ উপকরণ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক শিক্ষায় শিক্ষা দেওয়ার মান উন্নয়ন প্রকল্প (টিকিউআই) এ মেলার আয়োজন করে। দিনব্যাপী ওই মেলায় দেশের বিভিন্ন বিদ্যালয় বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষকেরা গণিতের বিভিন্ন শিখনসামগ্রী উপস্থাপন করেন।শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গণিত অসীম। গণিতকে শুধু শ্রেণীকক্ষের কঠিন বিষয় হিসেবে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। তিনি শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে সহজ ও মজাদার করে শ্রেণীকক্ষে গণিত শেখানোর ওপর গুরুত্ব দেন।প্রবীণ শিক্ষক লুৎফুজ্জামান বলেন, বর্তমান পৃথিবী বিজ্ঞানের ওপর নির্ভরশীল। আর বিজ্ঞান নির্ভরশীল গণিতের ওপর। সুতরাং পৃথিবী গণিতের ওপর নির্ভরশীল। অন্যান্যের মধ্যে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার লিও পেরেরা ও টিকিউআইর প্রকল্প পরিচালক নজরুল ইসলাম বক্তৃতা করেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন। মেলায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় করে। স্টলে স্টলে শিক্ষকেরা তাদের বিভিন্ন শিখনসামগ্রী দিয়ে গণিতের একাধিক সূত্র বুঝিয়ে দেন। বিশেষত, উৎপাদকের বিভিন্ন সূত্র প্রমাণ করে দেখান।একটি স্টলে গিয়ে দেখা গেল, একটি বাক্সে মেয়েদের গয়নাসেট, সোফাসেট প্রভৃতি সাজিয়ে রাখা হয়েছে। কয়েকজন উৎসুক শিক্ষার্থী সেদিকে আসতেই শিক্ষক গয়নাসেট দেখিয়ে বললেন, ‘বলো তো এটি কী?’ একটি মেয়ে বলে উঠল, ‘এটি তো গয়নাসেট।’ তখন শিক্ষক বললেন, ‘এটি দিয়ে আমরা সেট পড়াই।’ সঙ্গে সঙ্গে তিনি বাক্স থেকে সব ফেলে দিয়ে ফাঁকা বাক্স ধরে বললেন, ‘বলো তো এটি কী?’ পেছন থেকে একজন বলে উঠল, ‘কেন, ফাঁকা সেট!’ মেলায় আসা নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সাজনীন প্রথম আলোকে বলে, মেলায় এসে এসব সামগ্রীর মাধ্যমে সূত্র প্রমাণ করতে দেখে তার মনে হচ্ছে গণিত খুবই সহজ এবং মজার বিষয়। এভাবে গণিত শেখানো হলে শিক্ষার্থীদের গণিতভীতিও কেটে যাবে।