উপকরণের দাম বাড়ায় প্রতিমাশিল্পীদের মুখ ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে দুর্গাপূজা। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রতিমাশিল্পীরা রাত-দিন পরিশ্রম করে চলছেন অনুপম নৈপুণ্যে প্রতিমা গড়তে। কিন্তু এবার তাঁদের মুখে হাসি নেই। কারণ প্রতিমা তৈরির উপকরণের দাম এবার খুব চড়া।জানা গেছে, এ উপজেলার প্রতিমাশিল্পীদের সুনাম রয়েছে বেশ। চলতি বছর এ উপজেলার ৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজ এলাকা ছাড়াও তাঁরা বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিমা গড়ে দেন।প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে। তবে এবার তা চরমে উঠেছে। কিন্তু সে তুলনায় প্রতিমার দাম বাড়েনি। মানুষ গতবারের বাজেটেই প্রতিমা তৈরি করে নিতে চাচ্ছেন। ক্রেতারা উপকরণের মূল্যবৃদ্ধির কথা শুনতে চান না। তাঁরা চান কম দামের প্রতিমা। ফলে সব খরচ বাদ দিয়ে এবার হাড়ভাঙা খাটুনির পরও প্রতিমাশিল্পীদের হাতে কিছুই থাকছে না।শিবগঞ্জে শারদীয় দুর্গো ৎ সব পালনের আয়োজকেরা মূলত প্রতিমাশিল্পীদের কাছে গিয়ে প্রতিমার বায়না করে আসেন। এ ক্ষেত্রে শিল্পীদের প্রতিমা গড়া থেকে শুরু করে নির্ধারিত টাকার মধ্যে রং ও সাজসজ্জা পর্যন্ত করে দিতে হয়।উপজেলার সাদুল্লাপুর গ্রামের প্রতিমাশিল্পী হারাধন মোহন্ত বলেন, গতবার যে বাঁশের দাম ছিল ১৬০ টাকা, এবার তা ২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। প্রতি ভ্যান মাটির দাম গতবার ছিল ১২০ টাকা, এবার তা হয়েছে ২৮০ টাকা। ৭০ টাকার সুতলি কিনতে হচ্ছে ১০০ টাকা দরে। প্রতিজন শ্রমিকের মজুরি ছিল ১৫০ টাকা। কিন্তু এবার হয়েছে ২০০ টাকা। আর খড়ের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। ১৩০ টাকার খড় এবার কিনতে হচ্ছে ৩০০ টাকায়। সবচেয়ে দাম বেড়েছে শণ-পাটের। প্রতি কেজি শণ-পাট গতবার ছিল ৮০ টাকা, এবার তা হয়েছে ২৪০ টাকা। দেউলী এলাকার মালাকার শ্যামল পাল বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে প্রতিমার দাম দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু সেদিক থেকে গতবারের চেয়ে এবার দাম খুব একটা বাড়েনি। এভাবে চলতে থাকলে সামনে তাঁরা আর প্রতিমা তৈরি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস বলেন, ‘পূজা আয়োজন করাতে স্বাভাবিক ব্যয় বেড়ে গেছে। গতবার ডেকোরেটর বাবদ খরচ হয়েছে ১০ হাজার টাকা, এবার চাচ্ছে ২০ হাজার। ঢাকিরাও দ্বিগুণের বেশি দাম চেয়ে বসছে। কিন্তু সে তুলনায় চাঁদার হার বাড়ছে না। ফলে বাজেটে টান পড়ছে। তাই সবদিক সামাল দিয়ে পূজার আয়োজন করতে হচ্ছে।’