উপকরণের দাম বাড়ায় প্রতিমাশিল্পীরা বিপাকে
সামনে দুর্গাপূজা। এ সময়ে দম ফেলার সময় নেই পাবনার বেড়া উপজেলার প্রতিমাশিল্পীদের। অন্যবার হাসিমুখে প্রতিমা গড়ার কাজ করলেও এবার তাঁদের মুখ মলিন। কারণ, প্রতিমা তৈরির উপকরণের দাম এবার বেজায় চড়া। ফলে প্রতিমা তৈরি করে লাভ হচ্ছে না তাঁদের।
খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া উপজেলায় এবার ৪৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলায় মৃৎসামগ্রী তৈরির সঙ্গে জড়িত কুমার পরিবারের সংখ্যা প্রায় ১০০। এসব পরিবারে হাঁড়ি-পাতিলসহ নানা মৃৎসামগ্রী তৈরিতে পারদর্শী পাঁচ শতাধিক মৃৎশিল্পী থাকলেও প্রতিমাশিল্পী রয়েছেন ২৫-৩০ জন।
প্রতিমাশিল্পীরা বলেন, বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে। তবে এবার তা চরমে উঠেছে। কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম বাড়েনি। পূজার আয়োজকেরা গতবারের বাজেটেই প্রতিমা গড়িয়ে নিতে চাচ্ছেন। এবার প্রতিমা গড়ার উপকরণের মূল্যবৃদ্ধির কথা তাঁরা শুনতে চান না। ফলে সব খরচ বাদ দিয়ে প্রতিমাশিল্পীদের হাতে তেমন কিছুই থাকছে না।
প্রতিমাশিল্পীরা বলেন, দুর্গাপূজার আয়োজকদের সঙ্গে দেব-দেবীর পুরো সেট প্রতিমা তৈরি করে দেওয়ার চুক্তি থাকে। এ ক্ষেত্রে রং করা থেকে শুরু করে প্রতিমাগুলোর পুরো সাজসজ্জা করে দিতে হয়।
বেড়া বাজার কালীমন্দিরের মণ্ডপে প্রতিমা তৈরি করছিলেন উপজেলার মালদাপাড়া গ্রামের প্রতিমাশিল্পী ষষ্ঠী পাল। বলেন, বেড়া ও শাহাজাদপুর উপজেলার ছয়টি মণ্ডপে প্রতিমা গড়ছেন তিনি। যে প্রতিমা তিনি গড়ছিলেন, সেটি দেখিয়ে বলেন, এবার ওই প্রতিমার জন্য ৩৫ হাজার টাকা চেয়েছেন। কিন্তু পূজার আয়োজকেরা গতবারের মতো এবারও ২৭ হাজার দিতে চাচ্ছেন। এমন হলে তাঁর লাভ বলতে কিছুই থাকবে না।
আরেক প্রতিমাশিল্পী অমৃত পাল হিসাব দিয়ে বলেন, প্রতিমা তৈরিতে বিশেষ ধরনের মাটি লাগে। এ ছাড়া বাঁশ, খর, শণ, সুতলি, রংসহ নানা উপকরণ লাগে। গত বছর প্রতি ভ্যান মাটির দাম ছিল ৩০০ টাকা, এবার তা ৫০০ টাকা। ২০০ টাকার বাঁশ ৩০০ টাকা। দেব-দেবীর মূর্তির চুলের দাম গতবার ছিল প্রতি কেজি ২৫০। এবার হয়েছে ৬০০। গতবার যে গয়নার সেটের দাম ছিল এক থেকে দেড় হাজার টাকা, এবার তা বেড়ে হয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বেড়া উপজেলা শাখার সভাপতি সুবল রায় বলেন, প্রতিমা তৈরির উপকরণের দাম যেমন বেড়েছে, তেমনি পূজার আয়োজনের সামগ্রিক ব্যয়ও বেড়েছে। কিন্তু সে তুলনায় চাঁদার হার ও আর্থিক সহায়তা তেমন বাড়েনি। এতে বাজেটে টান পড়ছে।