উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, হুমকিতে পোলট্রিশিল্প
বার্ড ফ্লু ও পোলট্রিশিল্পের বিভিন্ন উপকরণের দাম লাগামহীন বাড়তে থাকায় বন্ধ হয়ে যাচ্ছে পোলট্রি খামার। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানের বেশ কয়েকটি খামার বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট খামারগুলোও বন্ধের হুমকিতে রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: জেলায় পাঁচ মাসের ব্যবধানে পোলট্রি বাচ্চার দাম তিন গুণ বেড়েছে। সম্প্রতি সব ধরনের পোলট্রি-খাদ্যের দামও আরেক দফা বাড়ানো হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পোলট্রি-খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো বস্তাপ্রতি খাদ্যের দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের টিকা ও ওষুধের দাম। ফলে বন্ধের হুমকিতে পড়েছে জেলার পোলট্রি খামারগুলো।বগুড়া জেলা পোলট্রি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুমন জানান, গত বছর ভুট্টার দাম বাড়ার অজুহাতে কোম্পানিগুলো পোলট্রি-খাদ্যের দাম বস্তাপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৯০০ টাকা করেছিল। এখন ভুট্টা ২২ থেকে ১২ টাকা হলেও খাদ্যের দাম কমানো হয়নি। উল্টো সয়াবিন ও মিড বোর্নের দাম বাড়ার অজুহাত দেখিয়ে এখন খাদ্যের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করা হয়েছে।বগুড়ার তাজমা গ্রুপের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘অনেকটা উৎসাহী হয়েই পোলট্রিশিল্পে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলাম। কিন্তু লোকসান দিতে দিতে পুঁজি খুইয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ বগুড়া জেলা পোলট্রি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন জানান, খাদ্যের দাম বৃদ্ধি এবং বার্ড ফ্লুর কারণে সাড়ে তিন হাজারের বেশি খামার এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। নানা প্রতিকূলতায় মাত্র দেড় হাজারের মতো খামার এখনো টিকে আছে। এভাবে পোলট্রি-খাদ্যের দাম বাড়তে থাকলে এ খামারগুলোও বন্ধ হয়ে যাবে।দুপচাঁচিয়া (বগুড়া): পোলট্রি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে দুপচাঁচিয়া উপজেলার শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া মেসার্স ফারুক এন্টারপ্রাইজ খামারের মালিক আবদুস সামাদ বলেন, ‘পাঁচ হাজার লেয়ার মুরগি দিয়ে খামার করে প্রথম পর্যায়ে বড় ধরনের পুঁজি করেছিলাম। এক বছরে পোলট্রি উপকরণের দাম ক্রমাগত বাড়তে থাকায় পুঁজি হারিয়ে পথে বসেছি।’ মেসার্স শাকিব এন্টারপ্রাইজের মালিক আবদুল জলিল বলেন, ‘দুটি খামার ছিল। প্রথম পর্যায়ে ভালো লাভ করেছিলাম। দুই থেকে আড়াই মাসে দুই-তিনবার খাদ্যসহ বিভিন্ন উপকরণে দাম বাড়ায় এরই মধ্যে একটি খামার বন্ধ করে দিয়েছি।’পাটগ্রাম (লালমনিরহাট): উপকরণসহ আনুষঙ্গিক ব্যয়বৃদ্ধির কারণে লোকসানের মুখে লালমনিরহাটের বেশ কিছু পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। অন্য খামারগুলোও বন্ধ হওয়ার পথে। ফলে বেকার হয়ে পড়ছেন এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক শ শ্রমিক-কর্মচারী। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পোলট্রি ব্যবসায়ী সাফিউল বাশার জানান, বিভিন্ন উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বিপুল পরিমাণে বেড়েছে। ফলে লোকসান গুনতে হচ্ছে পোলট্রি ব্যবসায়ীদের। লালমনিরহাট পোলট্রি খামার মালিক সমিতির সম্পাদক সাইদুজ্জামান জানান, জেলার প্রায় ৬০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। ৪০ ভাগ খামার বন্ধের পথে। লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন জানান, লোকসানের মুখে জেলার পোলট্রি ব্যবসায়ীরা এখন খামার বন্ধ করে দিচ্ছেন। লোকবলের অভাবে তাঁরাও ঠিকমতো সেবা দিতে পারছেন না।