উপকারভোগী ৮০ জনের মধ্যে চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক বনায়নের আওতায় ৮০ জন উপকারভোগীর মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেছে উপকূলীয় বন বিভাগ। চট্টগ্রামের হালিশহরের আনন্দবাজার থেকে ফৌজদারহাট পর্যন্ত উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের ২০ হাজারের বেশি গাছ বিক্রি করে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়।
গতকাল বুধবার সকালে নগরের উত্তর কাট্টলীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আবদুল লতিফ মিয়া।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সহকারী বন সংরক্ষক মো. হোসাইন ও রেঞ্জ কর্মকর্তা মো. মোকতারুজ্জামান বক্তব্য দেন।
মো. আবদুল লতিফ মিয়া বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে একদিকে যেমন সবুজ বিপ্লব ঘটছে, অন্যদিকে দারিদ্র্য বিমোচনও ঘটছে। ১৯৯৬-৯৭ সালে হালিশহর থেকে ফৌজদারহাট সমুদ্র উপকূলে সৃজিত এই সবুজ বেষ্টনীর অংশীদার বা উপকারভোগী এখানকার সাধারণ মানুষ। তাঁরা বন পাহারা দিয়ে সবুজ বিপ্লবে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, রিং রোড নির্মাণের জন্য এসব গাছ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিক্রি করা হয়েছে। বনের গাছ বিক্রি করে পাওয়া অর্থের ৫৫ শতাংশ অংশীদার বা উপকারভোগীদের হাতে দেওয়া হচ্ছে। এতে করে তাঁরা ভবিষ্যতে বন রক্ষায় আরও উদ্যোগী হবেন।
জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বন বিভাগ প্রায় ২০ বছর আগে গাছ লাগিয়েছিল। গাছ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় লোকজনকে। তাঁরা বনের অংশীদার বা উপকারভোগী।
বন কর্মকর্তা বলেন, বনের গাছ বিক্রি করে পাওয়া টাকা থেকে উপকারভোগীরা ৫৫, পানি উন্নয়ন বোর্ড ২০, বন বিভাগ ১০ এবং সিটি করপোরেশন ৫ শতাংশ হারে লভ্যাংশ পাচ্ছে। অবশিষ্ট ১০ শতাংশ রাখা হয়েছে রিং রোড হয়ে যাওয়ার পর ওই এলাকায় পুনর্বনায়নের জন্য।
৮০ জন উপকারভোগীর মধ্যে ৪০ জনকে এক লাখ ২৪ হাজার ৫১৪ টাকা (চেক) করে এবং বাকি ৪০ জনকে ৩৯ হাজার ৪৬০ টাকা করে দেওয়া হয়।