হতদরিদ্র পরিবারকে সহায়তা দিতে আজ বুধবার উদ্বোধন করা হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। এর আওতায় প্রতি পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেবে সরকার। কিন্তু খুলনা জেলায় উপকারভোগী পরিবারের তালিকা তৈরির কাজই শেষ হয়নি। এ ছাড়া ডিলার নিয়োগ পুরোপুরি সম্পন্ন হয়নি। এ কারণে ঈদুল আজহার আগে এই জেলায় এর কার্যক্রম শুরু হচ্ছে না।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলায় ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ৮৩ হাজার ৯৪৪টি পরিবার চাল পাবে। এর মধ্যে দাকোপে ১৪ হাজার ৬৯৫টি, ডুমুরিয়ায় ৮ হাজার ৯৫৬, পাইকগাছায় ১৩ হাজার ১২৩, তেরখাদায় ৪ হাজার ৫২০, বটিয়াঘাটায় ১০ হাজার ৫০৪, ফুলতলায় ৪ হাজার ৮৪, কয়রায় ১০ হাজার ৩৫৯, রূপসায় ১০ হাজার ২৮৮ এবং দিঘলিয়ায় ৭ হাজার ৪১৫টি পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শুধু ডুমুরিয়া ও তেরখাদার সাতটি ইউনিয়নের উপকারভোগী পরিবারের তালিকা সম্পন্ন হয়েছে। এখানে ইউনিয়নগুলোতে ৪ হাজার ৬৮১টি পরিবার রয়েছে।
এদিকে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়ার কথা। সেই হিসাবমতে, জেলার ১৬৮ জন ডিলার নিয়োগের কথা। কিন্তু গতকাল পর্যন্ত ১২৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি উপকারভোগী দাকোপে। তবে এ উপজেলায় এখনো কোনো ইউনিয়নের তালিকা প্রণয়ন সম্পন্ন হয়নি, নিয়োগ দেওয়া হয়নি ডিলারও।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, নয়টি উপজেলায় মাত্র দুজন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আছেন। দুজনকেই সব উপজেলার দায়িত্ব পালন করতে হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) গাফিলতির কারণেও তালিকা প্রণয়ন গতি পাচ্ছে না।
ডুমুরিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার দায়িত্বে থাকা পাঁচটি উপজেলা থেকে মাত্র সাতটি ইউনিয়নের তালিকা হাতে পেয়েছি। বারবার তাগাদা দিচ্ছি। তবে নানান ব্যস্ততার কথা বলে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা দেরি করছেন।’
ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, তাঁর দায়িত্বে থাকা চারটি উপজেলার কোনো ইউনিয়ন থেকে উপকারভোগী পরিবারের তালিকা হাতে পাননি।
দাকোপ সদর ইউপির চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, তালিকা প্রণয়নের কাজ চলছে। শিগগিরই তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তবে উপজেলার বাজুয়া ইউপির চেয়ারম্যান রঘুনাথ রায় বলেন, ‘ইউনিয়নে কতটি উপকারভোগী পরিবার রয়েছে, তা এখনো জানি না। এ জন্য তালিকা পাঠানো সম্ভব হচ্ছে না।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন, তালিকা করার ক্ষেত্রে মাঠপর্যায়ে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে নানান দ্বন্দ্ব রয়েছে। এ কারণে তালিকা প্রণয়ন কার্যক্রমে দেরি হচ্ছে। তালিকা পাওয়ার পর কার্ড বিতরণ করে চাল তোলার ডিও (সরবরাহ আদেশ) দেওয়া হবে। ঈদের আগে চাল দেওয়া সম্ভব হবে না। তবে ঈদের পরপরই স্বল্প পরিসরে হলেও কার্যক্রম শুরু করা হবে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেবে সরকার। প্রতিবছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এ পাঁচ মাস খাদ্যসহায়তা দেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে।