উপকারভোগীদের মতামত না নিয়েই গাছ কাটা হচ্ছে
বরগুনার পাথরঘাটায় সামাজিক বনায়নের তিন হাজার ৩৩৩টি গাছ সম্প্রতি দরপত্রের মাধ্যমে বিক্রি করেছে স্থানীয় বন বিভাগ। ৬৫ ভাগ মালিকানা থাকা সত্ত্বেও স্থানীয় উপকারভোগীদের মতামত না নিয়েই গাছ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাথরঘাটা-চরদুয়ানির প্রায় ১১ কিলোমিটার সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।বন বিভাগ ও উপকারভোগী সূত্রে জানা গেছে, তালতলা বাসস্ট্যান্ড থেকে সহেরাবাদ স্লুইস পর্যন্ত ১১ দশমিক ২ কিলোমিটার সড়কে ১৯৮৯-১৯৯০, ১৯৯০-১৯৯১ ও ১৯৯৩-১৯৯৪ অর্থবছরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করে পাথরঘাটা বন বিভাগ। এতে উপকারভোগীদের মালিকানা রাখা হয় ৬৫ ভাগ। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ঠিকাদারের লোকজন গাছ কেটে নিচ্ছেন। এ পর্যন্ত চাম্বল, রেইনট্রি, বাবলা, কড়ইসহ প্রায় ৭০০ গাছ কাটা হয়েছে। এ ব্যাপারে উপকারভোগীদের কোনো মতামত নেওয়া হয়নি। উপকারভোগী সদস্য ও আদর্শ গ্রাম সমিতির সাধারণ সম্পাদক শৈলেন্দ্র রানী জানান, গড়ে একেকটি গাছ বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকায়। এভাবে বাজারমূল্যের চেয়ে কম দামে গাছ বিক্রি করায় উপকারভোগীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।উপজেলা বন উন্নয়ন কমিটির সদস্য মির্জা শহীদুল ইসলাম জানান, সড়কে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাছের গোড়া উপড়ে ফেলায় সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান জানান, গাছ বিক্রিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে। কম দামে গাছ বিক্রি করার কোনো সুযোগ নেই।