একটি বাড়ি একটি খামার প্রকল্প
উপকারভোগীর তালিকা নিয়ে অভিযোগ বাদ যাচ্ছে প্রয়োজনীয় সমীক্ষার কাজ
প্রায় এক বছর পেরিয়ে গেলেও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বাস্তবায়নের কাজ শুরু হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার জন্য কাজ এগোচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার জনপ্রিয়তা বাড়াতে তাড়াহুড়ো করছে।প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সূত্র বলছে, সময়স্বল্পতার কারণে বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীর তালিকা যাচাই করা হবে না। একই কারণে প্রয়োজনীয় সমীক্ষাও বাদ দেওয়া হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, যে পদ্ধতিতে উপকারভোগীর তালিকা চূড়ান্ত হচ্ছে, তাতে অনিয়মের আশঙ্কা রয়েছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। অভিযোগ রয়েছে, প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী উপকারভোগী বাছাই করা হচ্ছে না, রাজনৈতিক বিবেচনায় বাছাই করা হচ্ছে।ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগ সরকার গত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করেও পারেনি। পরে বিএনপি ও চারদলীয় জোট সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প বাদ দিয়ে ‘পল্লী প্রগতি’ প্রকল্প চালু করে। ‘পল্লী প্রগতি’ প্রকল্পে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল।একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্দেশ্য হলো, সব জেলা ও উপজেলার নয় হাজার ৬৪০টি গ্রামের অতিদরিদ্র পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০ পরিবারকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বনির্ভর করে তোলা। শর্ত হচ্ছে, পরিবারগুলোর প্রধান উপার্জনকারী হতে হবে নারী এবং ভিটেবাড়িসহ জমির পরিমাণ হবে দশমিক ৫ একর থেকে থেকে আড়াই একর। নানা পর্যায়ে যে সাতটি কমিটি প্রকল্প বাস্তবায়ন করছে, তার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পে অর্থায়ন করছে সরকার। এক হাজার ১৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মেয়াদ ২০০৯-এর জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত।প্রকল্পের আওতায় গবাদিপশু পালন, মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়ার কথা। পাশাপাশি উপকারভোগীদের বাড়িতে গভীর নলকূপ, বায়োগ্যাস প্লান্ট, দুগ্ধ খামার, সৌরবিদ্যুৎ প্যানেল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হবে। বিআরডিবি জানায়, এ বছরের ২৪ মার্চ ইউনিয়ন কমিটিকে ১২০টি পরিবারের খসড়া তালিকা করে ২২ এপ্রিলের মধ্যে প্রকল্প পরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছিল। এই তালিকা অনুযায়ী জরিপকারীদের বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণ ও তথ্য যাচাই করার কথা। জুনের মধ্যে জরিপ ও অন্যান্য সমীক্ষার কাজ শেষ করার কথা ছিল। প্রতিটি গ্রামের কী কী সম্পদ রয়েছে এবং সেই সম্পদ কীভাবে সদ্ব্যবহার করে সর্বোচ্চ উন্নয়ন করা যাবে, তা সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করার কথা। কিন্তু এর কিছুই হয়নি।বিআরডিবির কর্মকর্তারা বলেন, প্রকল্প গত বছরের জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির অনুমোদন পায় এ বছরের ফেব্রুয়ারিতে। প্রকল্প শুরুর ১০ মাস পর এখন নতুন করে একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মাস দুয়েক আগে প্রকল্পের কাজ শুরু হয়েছে। জরিপকারী ছাড়াও মাঠপর্যায়ে আরও এক হাজার ৯২৮টি পদ পূরণে এখনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সব গ্রাম থেকে উপকারভোগীর তালিকা পরিচালকের দপ্তরে পৌঁছেনি। গাড়ি, মোটরসাইকেল, আসবাব কেনার কাজ সবেমাত্র শুরু হয়েছে।পরিকল্পনা অনুযায়ী ইউএনওর নিয়োগ দেওয়া একজন কর্মকর্তার অধীনে কয়েকজন জরিপকারী থাকবেন। বাড়িতে না গিয়ে এঁরা গ্রাম কমিটির তালিকার ভিত্তিতে ক্যাম্পে বসে দুটি গ্রামের ২৪০ জন পরিবারপ্রধানকে ডেকে ফরম পূরণ করাবেন। সেখান থেকেই ১২০ জন উপকারভোগীর নাম চূড়ান্ত করা হবে। আগামী বছর এঁরাই প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবেন। বিষয়টির তত্ত্বাবধানে থাকবে ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কমিটি।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, যে উপায়ে উপকারভোগীদের নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে, তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা থাকছে। তিনি বলেন, জমির পরিমাণের যে শর্ত দেওয়া হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, এ প্রকল্পের উপকারভোগী হবেন আসলে গ্রামের মধ্যবিত্তরা।খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের কোন গ্রামগুলো প্রকল্পের আওতায় আসবে তা নিয়েই ময়মনসিংহ, শেরপুর, মাদারীপুরসহ কয়েকটি জেলায় বিরোধ দেখা দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে। বিআরডিবি কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন ভান্ডারিয়ার থানা সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হাই। প্রথম আলোকে তিনি বলেন, তাঁর এলাকায় রাজনৈতিক পরিচয় দেখে তালিকা চূড়ান্ত করা হচ্ছে। গ্রামের অবস্থাপন্ন লোকজনও তালিকাভুক্ত হয়েছেন। উপজেলা সমন্বয় কমিটির কোনো পরামর্শ শুনছে না ইউনিয়ন কমিটির সদস্যরা।প্রকল্পটির উপপরিচালক বিআরডিবির কর্মকর্তা সদরুল আলম তালুকদার বলেন, সুবিধাভোগীদের নির্বাচন সঠিক না হলে প্রকল্পের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এ কথা মাথায় রেখে তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই একটা সমীক্ষা করে নেওয়া প্রয়োজন ছিল। সব গ্রামের আয়বর্ধক কাজের ধরন এক নয়। প্রয়োজন অনুযায়ী পরিবারগুলোর সঙ্গে কথা বলে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার কাজ শুরু করা সমীচীন। তবে তিনি গ্রাম কমিটির তালিকার ওপর ভিত্তি করেই কাজটা শুরু করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।