উপকারভোগীর তালিকায় আ.লীগ নেতাসহ জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন করা হয়েছে। ওই বনায়নে উপকারভোগী হিসেবে অগ্রাধিকার পাওয়ার কথা দরিদ্র-ভূমিহীন লোকদের। কিন্তু উপকারভোগীদের চূড়ান্ত তালিকায় স্থানীয় জনপ্রতিনিধিসহ তাঁদের পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতা ও বিল ইজারাদারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।বন বিভাগ জানায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলাভূমির বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরে উপজেলার সদর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নে হাকালুকি হাওরের প্রায় ৩৬০ হেক্টর সরকারি খাস জায়গায় সামাজিক বনায়ন হিসেবে জলজ হিজল, করচ ও মূর্তাগাছের চারা রোপণ করে বাগান করা হয়। এর মধ্যে ৬০ হেক্টরে মূর্তাবাগান এবং বাকি ৩০০ হেক্টরে হিজল ও করচবাগান করা হয়। এ কাজে ব্যয় হয় প্রায় ৮০ লাখ টাকা। পরে মূর্তাবাগানের জন্য উপকারভোগী নির্বাচনে বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে তালিকা চাওয়া হয়। তালিকা পেয়ে যাচাই-বাছাই করে তা চূড়ান্ত করে উপজেলা বন ও পরিবেশ কমিটির সভায় অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সামাজিক বনায়নের নীতিমালা অনুযায়ী, উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বনায়ন এলাকার এক বর্গকিলোমিটারের মধ্যে বসবাসকারী দুস্থ, দরিদ্র ও ভূমিহীন লোকজন অগ্রাধিকার পাবেন। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, উপকারভোগীদের তালিকায় ১৫০ জনের নাম আছে। এর মধ্যে পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিনের ছেলে ব্যবসায়ী মামুনুর রশীদের স্ত্রী সাবিনা ইয়াছমিন, জায়ফরনগর ইউপির চেয়ারম্যান নজুমল ইসলামের ভাই মঈনুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউপির সদস্য মদনমোহন দাস, মদনমোহনের ভাই সুদর্শন দাস, আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবদুল কাদির, চাতলা বিলের ইজারা পাওয়া প্রতিষ্ঠান জুড়ী ভ্যালি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জমির আলীসহ আরও কয়েকজন রাজনৈতিক দলের নেতা ও ধনাঢ্য ব্যক্তির নাম রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যেরও নাম আছে ওই তালিকায়। প্রত্যেক উপকারভোগী এক একর করে জায়গা পেয়েছেন।তবে পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান মঈন উদ্দিন দাবি করেন, তিনি উপকারভোগীদের কোনো তালিকা দেননি। কার নাম আছে বা নেই, তা কিছুই তিনি জানেন না। ইউপি সদস্য মদনমোহন দাস বলেন, ‘আমার এলাকায় বনায়ন হয়েছে। তাই বাগান দেখাশোনার স্বার্থে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার নাম দিয়েছেন বলে জেনেছি। আর বন কর্মকর্তাদের অনুরোধে প্রথমে আমিই তালিকা করি। অনেক গরিব লোকের নাম ছিল। পরে শুনেছি কাটছাঁট হয়েছে।’ তবে এ ব্যাপারে কথা বলতে মঈনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শফি উদ্দিন বলেন, ‘আমি এখানে আসার আগেই তালিকাটি হয়েছে। তাই এ ব্যাপারে আমার জানা নেই।’ উপজেলা বন ও পরিবেশ কমিটির সভাপতি ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ‘তালিকাটি চূড়ান্ত অনুমোদনের পর যোগদান করেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’