জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগীদের তালিকায় একই পরিবারের ছয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন শিক্ষক ও তিনজন ব্যবসায়ী।উপজেলা সামাজিক বনায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থবছরে উপজেলার মামুদপুর ইউনিয়নের মামুদপুর থেকে সন্যাসতলী বাঁধ ভায়া আছরাঙ্গাদিঘি পর্যন্ত চার কিলোমিটার রাস্তার উভয় পাশে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে গাছ কেটে বিক্রি করা হয়। এরপর ওই ছয়জনসহ আটজন উপকারভোগীর নামে সেই টাকার মধ্য থেকে জনপ্রতি ৩২ হাজার ৫৭১ টাকার চেক আসে।নিয়মানুযায়ী বাগান তৈরি ও পরিচর্যার জন্য ওই এলাকার ভূমিহীন ও দরিদ্র পরিবারের সদস্যদের উপকারভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা। কিন্তু ওই প্রভাবশালী পরিবার বন বিভাগের কর্মকর্তাদের প্রভাবিত করে উপকারভোগী হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য উপজেলা প্রশাসন চেকগুলো হস্তান্তর করেনি।উপজেলা সামাজিক বনায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপকারভোগীর তালিকায় থাকা একই পরিবারের সদস্যরা হলেন মামুদপুর গ্রামের ব্যবসায়ী নুরুল আমিন, তাঁর স্ত্রী জিনাত রেহেনা, তাঁর ভাই আল আমিনের স্ত্রী মোসলেমা বিবি, অপর ভাই ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক রুহুল আমিন, তাঁর স্ত্রী উপজেলার মনঝার আটিদাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম এবং আটিদাশড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক নূর নবী। অপর দুজন সুবিধাভোগী হলেন একই গ্রামের রাহেনা ও পরিনা।মামুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, এলাকায় অনেক গরিব ও খেটে খাওয়া মানুষ আছে। তারা সুবিধা পায় না। আর যে পরিবার সুবিধা পাচ্ছে সেই পরিবারের বাড়ি, গাড়ি ও একাধিক ব্যবসায় প্রতিষ্ঠান আছে।এ বিষয়ে ব্যবসায়ী নূরুল আমিন বলেন, ‘যখন ওই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তখন সব নিয়মকানুন মেনে বনায়নের কাজ করা হয়েছে। বর্তমানে কী নিয়ম আছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।’ রুহুল আমিন বলেন, ‘ওই রাস্তায় আমাদের জমাজমি অনেক বেশি। তাই আমরা গাছ লাগিয়েছি। ওই সূত্রে আমরা সুবিধাভোগী হয়েছি।’ ক্ষেতলাল সামাজিক বনায়নের দায়িত্বে থাকা ফরেস্টার আবদুস ছালাম বলেন, ‘ওই রাস্তায় যখন বাগান তৈরি করা হয়েছিল তখন আমি ক্ষেতলাল উপজেলায় ছিলাম না। বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা খতিয়ে দেখছেন।’ ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ায় ওই প্রকল্পের চেক এখনো হস্তান্তর করা হয়নি।