উপকারভোগীরা সময়মতো ভিজিডির চাল পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার চার ইউনিয়নে কয়েক মাস ধরে সময়মতো ভিজিডির চাল পাচ্ছেন না উপকারভোগীরা। এতে তাঁরা বিপাকে পড়েছেন।মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার আটটি ইউনিয়নে এক হাজার ৯৪৮টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। অফিস সহকারী আবদুল মালেক বলেন, কোনো মাসের চাল পরের মাসের শুরুতে বিতরণ করে পাঁচ তারিখের মধ্যে কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু প্রায় সময়ই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ওই নিয়ম লঙ্ঘন করে তিন-চার মাসের চাল একসঙ্গে বিতরণ করছেন।স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধলঘাটা, মাতারবাড়ী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নে দুই থেকে পাঁচ মাসের ভিজিডির চাল বিতরণ করা হয়নি।ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার উপকারভোগী রেবেকা বেগম ও রোকেয়া বেগম বলেন, যে মাসের চাল, সে মাসে বিতরণ করলে সংসারে তেমন অভাব থাকত না। কিন্তু এক মাসের চাল চার মাস পরও পাওয়া যাচ্ছে না। এ কারণে অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে।ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে গত চার মাস সময়মতো চাল বিতরণ করতে পারিনি। কয়েক দিনের মধ্যে চাল বিতরণ করা হবে।’মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, খাদ্যগুদামে যাওয়ার সড়কটি সংস্কারের কারণে যথাসময়ে চাল উত্তোলন করা সম্ভব হয়নি। পরে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে চাল বিতরণে বিলম্ব হয়। তিনি বলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে পাঁচ মাসের চাল বিতরণ করা হবে। হোয়ানক ইউপির চেয়ারম্যান এনামুল করিম বলেন, যোগাযোগবিচ্ছিন্ন থাকার কারণে চার মাসের চাল বিতরণ করা সম্ভব হয়নি।কালারমারছড়া ইউপির চেয়ারম্যান মির কাসেম চৌধুরী বলেন, তিন মাসের চাল গত শুক্রবার বিতরণ করা হয়েছে। এপ্রিল ও মে মাসের চাল এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।