
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল অতিক্রম করেছে। নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে সীতাকুণ্ডে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গতকাল বিকেল নাগাদ সীতাকুণ্ড ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
গভীর নিম্নচাপের কারণে সীতাকুণ্ডে ৩৮৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন।
উপজেলার বাড়বকুণ্ড, মুরাদপুর, বারৈয়ারঢালা ও সৈয়দপুর ইউনিয়নের ৩০০ হেক্টর জমির রোপা আমন, ৮৫ হেক্টর জমির শিমসহ বিভিন্ন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা। তিনি বলেন, ঝোড়ো বাতাসের কারণে এলাকার অনেক খেতের আমন ধানের গাছ নুইয়ে পড়েছে। প্রচুর বৃষ্টি হওয়ায় গাছের গোড়ায় পচন ধরতে পারে। তবে শেষ পর্যন্ত ফসলের ক্ষতির পরিমাণ কত দাঁড়াবে, তা এখনই বলা যাবে না।
আনোয়ারা উপজেলায়ও নিম্নচাপের প্রভাবে আমন ধান ও রবিশস্যের ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনি ও রোববারের বৃষ্টিতে এলাকায় রবিশস্যের কিছুটা ক্ষতি হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ও উপকূলীয় রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো খোলা রাখা হয়। ঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, শনিবার বেলা তিনটা থেকে রোববার বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল বিকেলে কয়েকটি বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজ সীমিত আকারে শুরু হয়েছে।
বহির্নোঙরে পণ্য স্থানান্তরের কাজে নিয়োজিত চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার বন্দরের বহির্নোঙরে ৬৮টি বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর হয়নি। গতকাল বিকেলে কয়েকটি জাহাজ থেকে পণ্য স্থানান্তর শুরু হলেও বেশির ভাগ জাহাজে কাজ হয়নি।
গত শনিবার বন্দর কর্তৃপক্ষ ‘অ্যালার্ট-২’ মাত্রার সতর্কতা জারি করার পর জেটিতে থাকা অনেক জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে সাধারণত ‘অ্যালার্ট-৪’ জারি করার পর বহির্নোঙরে জাহাজ পাঠিয়ে দিত বন্দর। গতকাল আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করার পর বন্দরের নিজস্ব সতর্কতা অ্যালার্ট-২ প্রত্যাহার করা হয়।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অ্যালার্ট-২’ জারি করা হলেও বন্দর চ্যানেল নিরাপদ রাখতেই কিছু জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। এসব জাহাজ আবার জেটিতে ভেড়ানো হয়েছে।