উপকূল তলিয়ে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞ ও আলোচকেরা। তাঁরা বলেছেন, যত দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, তত দিনে বাংলাদেশ উপকূল রক্ষার কৌশল রপ্ত করে ফেলবে।
জাতীয় সংসদ ভবনের আইপিডি মিলনায়তনে গতকাল রোববার এক সেমিনারে বিশেষজ্ঞ ও আলোচকেরা এসব কথা বলেন। ‘জলবায়ুর অভিঘাত হতে বাংলাদেশের উপকূল সুরক্ষা: বর্ষায় সামুদ্রিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট।
আলোচনায় পরিবেশবিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, উপকূলকে কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের কাছ থেকে শিখতে চায়। কারণ, এ বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। অনেকে বলছেন, বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা ডুবে যাবে। এটা সত্য নয়। বাঁধ না থাকলে বাংলাদেশ ডুববে। কিন্তু উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট উঁচু বাঁধ আছে। একমাত্র জলোচ্ছ্বাস হলে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। কিন্তু তত দিনে বাংলাদেশের পক্ষে অধিক উঁচু ও টেকসই বাঁধ নির্মাণ করা কঠিন কোনো কাজ হবে না।
সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, সমুদ্রের উচ্চতা ১ ফুট বাড়লে বাংলাদেশের ১৭ শতাংশ উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। সে জন্য ১০০ বছর লাগবে। এই আশঙ্কাকে সামনে রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে সংস্কার করতে হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সেনাবাহিনী দক্ষ। তাদের এ কাজে লাগালে দেশের মানুষ উপকৃত হবে। এ জন্য কয়েকটি মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
হাছান মাহমুদ আরও বলেন, ‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ঋণ চায় না, অনুদান চায়। কারণ, জলবায়ুর পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী, আমরা ক্ষয়ক্ষতির শিকার। বিশ্বব্যাংক আমাদের ঋণগ্রস্ত করে রাখতে চায়। অথচ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও কয়েক নেতা সম্প্রতি বিশ্বব্যাংকের পক্ষে সাফাই গাইছেন।’
সেমিনারে কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ঢাকার বস্তিবাসীর ৭০ শতাংশ জলবায়ু-উদ্বাস্তু। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে সুন্দরবন উত্তর দিকে ৮ দশমিক ৩ শতাংশ কমে গেছে। ১২৩টি বাঁধের মধ্যে ৪৪টি ঘূর্ণিঝড়ে পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। বর্তমানে সাতক্ষীরার ৭৫ শতাংশ, খুলনার ৩২ শতাংশ, বরগুনার ৭২ শতাংশ এবং বাগেরহাটের ৬৬ শতাংশ এলাকায় বিশুদ্ধ পানির সংকট আছে।
প্রবন্ধে আরও বলা হয়, উপকূল রক্ষায় স্বল্পমেয়াদি ও দ্রুত করণীয় ব্যবস্থা নিতে হবে। আগামী অক্টোবর পর্যন্ত বর্ষার জোয়ারের পানি ঠেকানোর জন্য ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করতে হবে। দীর্ঘ মেয়াদে নদী খননসহ টেকসই ও বিজ্ঞানসম্মত বাঁধ মেরামত এবং নির্মাণ করতে হবে। দখলমুক্ত করতে হবে নদী ও খাল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জেলা পরিষদ ও স্থানীয় সরকারের কাছে জবাবদিহির ব্যবস্থা করতে হবে।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, সাংসদ পঞ্চানন বিশ্বাস, শেখ মো. নুরুল হক, পঙ্কজ নাথ, দিদারুল আলম ও জেবুন্নেসা আফরোজ বক্তব্য দেন।