উপকূল থেকে আরও তিন লাশ উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা উপকূল থেকে গতকাল বৃহস্পতিবার আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হলো ২৪ জেলের লাশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার গভীর রাতে তিনটি লাশ ভেসে আসে ধলঘাটা উপকূলে। এরপর ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ পুলিশকে খবর দিলে গতকাল সকাল আটটায় মহেশখালী থানার পুলিশ দুপুর সাড়ে ১২টায় লাশ তিনটি উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, রশি দিয়ে লাশগুলোর হাত-পা বাঁধা ছিল। এগুলো চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের বলে অনুমান করা হচ্ছে। মুখমণ্ডল ও শরীর পচে গলে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কুতুবদিয়া ও বাঁশখালী সাগরের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে রশি দিয়ে হাত-পা বাঁধা ১৮ জেলের লাশ উদ্ধার করেন। আগের দিন আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়। বুধবার ২১ জেলের লাশ বাঁশখালীতে দাফন করা হয়।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খালেকুজ্জামান বলেন, বাঁশখালী উপজেলার শেখেরখিলের তিনটি ট্রলার নিয়ে স্থানীয় ৩৪ জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। কিন্তু এ পর্যন্ত উদ্ধার হলো ২৪ জেলের লাশ।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জলদস্যুদের তাণ্ডবের ঘটনায় ওই তিন ট্রলারের আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদেরও সন্ধান করা হচ্ছে। ধলঘাটা থেকে উদ্ধার তিন জেলের ময়নাতদন্ত সম্পন্ন করে বাঁশখালীতে পাঠানো হবে।