পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ বাহিনী গঠন করা হবে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া হয়ে সুন্দরবনের সমুদ্র উপকূলে জলদস্যুদের অপতৎপরতা বন্ধ এবং জেলেদের নিরাপত্তায় নৌপুলিশ ও কোস্টগার্ড বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।গতকাল বুধবার কক্সবাজারের কুতুবদিয়া থানার নতুন ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে হাসান মাহমুদ এসব কথা বলেন।আইজিপি বলেন, ঢাকায় ফিরেই তিনি নৌ ও কোস্টগার্ড বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলে জলদস্যুদের অপতৎরতা বন্ধের ব্যবস্থা নেবেন। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সিরাজুল মোস্তফা, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন কবির, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।এসপি বলেন, এই উপজেলার ছয়টি ইউনিয়নের কোথাও পুলিশ ফাঁড়ি নেই।সিরাজুল মোস্তফা বলেন, জেলেরা সাগরে নামলে দস্যুরা লুটপাট চালায়। এই অবস্থা থেকে জেলেদের মুক্ত করতে সমুদ্র উপকূলে নৌপুলিশ ফাঁড়ি স্থাপন ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি জরুরি। আবু মোর্শেদ চৌধুরী বলেন, দস্যুদের কারণে কয়েক লাখ জেলের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ ক্ষেত্রে নৌপুলিশ ও কোস্টগার্ড বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি।হাসান মাহমুদ খন্দকার বিকেলে কুতুবদিয়া সমুদ্রসৈকত ও আলী আকবর ডেইল গ্রামে নির্মিত বায়ুবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।