উখিয়ার উপকূল রক্ষা বেষ্টনী টিকিয়ে রাখতে ও সমুদ্রের কূল ঘেঁষে থাকা বিস্তীর্ণ পাহাড় কাটা বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। গতকাল রোববার স্থানীয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও সুখী বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক দিনের কর্মশালায় তাঁরা এ অভিমত ব্যক্ত করেন।কর্মশালায় বিশিষ্টজনেরা বলেন, উখিয়ায় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশ আইনের তোয়াক্কা না করে নির্বিচারে পাহাড় কাটছে। এভাবে চলতে থাকলে নিঃসন্দেহে প্রকৃতি আমাদের সঙ্গে বৈরী আচরণ করবে। এ বৈরিতা থেকে রক্ষা পাওয়া ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (্উপসচিব) মো. জাফর আলম বলেন, সারা দেশে ১২টি এলাকাকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ ও নুনিয়াছড়া থেকে ইনানী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকাও রয়েছে। বক্তাদের এক প্রশ্নের জবাবে জাফর আলম আরও বলেন, উখিয়ার সমুদ্র উপকূলীয় এলাকায় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকাজে কর্তৃপক্ষ উপকূল রক্ষা প্রাচীর হিসেবে খ্যাত পাহাড় কেটে চলেছে। এটি বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) চেয়ারম্যান আবদুর রব বলেন, বাংলাদেশের বনজসম্পদ, উপকূলীয় ও সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংসের পেছনে যাদের কৃতিত্ব রয়েছে, তারা এ দেশের তথাকথিত প্রভাবশালী। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। এতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশগত বিকলাঙ্গ হওয়ার আশঙ্কায় রয়েছে।কর্মশালায় উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ, সমবায় কর্মকর্তা কবির আহমদ, রামুর খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, উখিয়ার জালিয়া পালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী, রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবুল হাসান আলী প্রমুখ অংশ নেন।