ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সুন্দরবনের মতো বাঁশ, তাল, নারকেল ও খেজুরগাছ ব্যাপক ভূমিকা রাখতে পারে। ঘূর্ণিঝড় সিডর কিংবা আইলার ক্ষতির পর এর প্রমাণ পাওয়া গেছে। উপকূল রক্ষায় শ্বাসমূলীয় বনের (ম্যানগ্রোভ) পাশাপাশি এসব গাছ ব্যাপক ভূমিকা রাখবে।
বরিশালে অনুষ্ঠিত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের রূপাতলী এলাকায় বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কার্যালয়ে ‘প্ল্যান্টেশন ট্রায়েল ইউনিট বিভাগ কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বরিশাল বিভাগীয় কর্মকর্তা শেখ এহিউল ইসলাম বলেন, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপকূল রক্ষায় গাছ নিয়ে গবেষণা করে বাংলাদেশ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের ৪৭ হাজার ২০১ বর্গকিলোমিটার উপকূল এবং বেড়িবাঁধের বাইরে ৭১০ কিলোমিটার তটরেখায় শ্বাসমূলীয় বন গড়ে তোলা হয়েছে। এ ছাড়া গত পাঁচ বছরে বাংলাদেশের উপকূলীয় এলাকার চরে ১ লাখ ৯২ হাজার হেক্টর এলাকায় শ্বাসমূলীয় বন গড়ে তোলা হয়েছে। দেশে মোট জনগোষ্ঠীর ২৮ ভাগ বাস করে এসব উপকূলীয় এলাকায়। তাদের রক্ষায় বনভূমির বিকল্প নেই।
বন গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড ইনভেস্টিগেটর মো. আবদুল কুদ্দুস মিয়া বলেন, গবেষণায় দেখা গেছে, বাঁশ এবং তাল ও নারকেলগাছ অনেকটাই ঘূর্ণিঝড় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সচেষ্ট। বিশেষ করে এক ধরনের বাঁশ আছে, যা লবণসহিষ্ণু। এই বাঁশ উপকূলীয় এলাকায় চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।