উপকূলজুড়ে চলছে ডলফিন নিধন
কক্সবাজারের টেকনাফ উপকূলে নির্বিচারে ডলফিন নিধন চলছে। জেলেদের জালে আটকা পড়া ডলফিন মেরে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। পরে সেসব মরা ডলফিন ভেসে আসছে তীরে।পরিবেশকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ডলফিন নিধন অব্যাহত থাকলে তা জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে।স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত এক সপ্তাহে টেকনাফ উপকূলের বিভিন্ন স্থানে জোয়ারের পানিতে অন্তত ১২-১৫টি মরা ডলফিন এবং বেশ কিছু মরা হাঙর ও কচ্ছপ ভেসে এসেছে।গত বৃহস্পতিবার উখিয়া উপজেলার মনখালী, ছেপটখালী ও টেকনাফ উপজেলার শামলাপুর ও মহেষখালীয়া পাড়ায় সৈকতের বালুচরে সাতটি মরা ডলফিন পড়ে থাকতে দেখা গেছে। এর দুই দিন আগে একই সৈকতে তিনটি ডলফিন ও আটটি মরা কচ্ছপ ভেসে আসে।সেন্ট মার্টিনের পশ্চিমপাড়ার জেলে আনোয়ারুল ইসলাম জানান, গত ১ ডিসেম্বর পশ্চিমপাড়া সৈকতে প্রায় দেড় মণ ওজনের একটি মরা ডলফিন ভেসে আসে। সেটির গায়ে আঘাতের চিহ্ন ছিল।গত ২৮ নভেম্বর বিকেলে টেকনাফের মহেষখালীয়া পাড়া সৈকতের হ্যাচারি পয়েন্টে ভেসে আসে আরেকটি মরা ডলফিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেটির পিঠ, মাথা ও চোখে আঘাতের চিহ্ন ছিল।স্থানীয় ব্যক্তিদের ধারণা, সাগরে মাছ ধরার জালে আটকা পড়ার পর জেলেরা এসব ডলফিন ও অন্যান্য জলজ প্রাণী পিটিয়ে মেরে পানিতে ফেলে দিচ্ছেন।তবে টেকনাফ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো. রফিক দাবি করেন, জালে আটকা পড়া ডলফিন, হাঙর ও কচ্ছপ না মেরে পানিতে ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, এই প্রজাতির শান্ত ডলফিনকে স্থানীয়ভাবে ‘শুশুক’ বলা হয়। এরা বর্তমানে বিলুপ্তপ্রায়।জেলা বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, জেলেদের নিষ্ঠুরতায় ব্যাপকহারে হাঙর, কচ্ছপ ও দুর্লভ প্রজাতির ডলফিনের মৃত্যু ঘটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জেলেদের মাঝে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার ও মাইকিং করা যেতে পারে। তাঁর অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কোনো তৎপরতা নেই।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন কারেন্ট জালে আটকা পড়ে ডলফিন ও কচ্ছপ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কারেন্ট জাল আটক করতে প্রায়ই অভিযান চালানো হয়। তবে তা বন্ধ করা যাচ্ছে না। এসব জলজ প্রাণী নিধন বন্ধে সাগরে অভিযান চালানোর মতো আধুনিক জলযান ও লোকবল তাঁদের নেই।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল-মামুন জানান, এসব জলজ প্রাণী নিধন বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অধিদপ্তর ২০০৪ সাল থেকে সামুদ্রিক কচ্ছপের বংশবিস্তার ও সংরক্ষণের জন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন উপকূলে কাজ করছে।