উপকূলজুড়ে হাঙরের শুঁটকি উৎপাদনের ধুম
কক্সবাজারের সমুদ্র উপকূলজুড়ে চলছে হাঙরের শুঁটকি উৎপাদনের ধুম। আগামী মে মাস পর্যন্ত এই শুঁটকির উৎপাদন চলবে। হাঙরের শুঁটকি এবং ডানা, চামড়া ও হাড় রপ্তানি হচ্ছে মিয়ানমারে। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের বাঁকখালী নদীর তীরসংলগ্ন মগচিতাপাড়া, ৬ নম্বর, নতুন বাহারছড়া, নুনিয়াছড়া, ফিশারিঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শত শত মানুষ বাঁশের মাচা তৈরি করে হাঙরের শুঁটকি তৈরি করছেন। অনেকে খোলা মাঠে রোদে শুকিয়ে শুঁটকি করছেন। ব্যবসায়ীরা এখান থেকে শুঁটকি কিনে ট্রাকে করে তিন পার্বত্য জেলা: খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। আর এসব হাঙরের ডানা, চামড়া ও হাড় বস্তাবোঝাই করে টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমারে রপ্তানি করা হচ্ছে। শহরের মগচিতাপাড়ার ব্যবসায়ী আবুল ফজলের বাড়ির উঠানে বাঁশের মাচায় ঝুলছিল প্রায় ১৫ মণ হাঙরের শুঁটকি। পাশাপাশি আরও কয়েকটি ঘরে পাঁচ থেকে ১০ মণ করে হাঙর রোদে শুকানো হচ্ছিল। শুঁটকি থেকে এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে কেউ প্রতিবাদ করছে না। কারণ, এ ব্যবসায় লাভ বেশি এবং অনেকেই এ পেশায় জড়িত। শুঁটকি ব্যবসায়ী আবুল ফজল, রহিম উল্লাহ ও বশির আহমদ বলেন, গত পাঁচ দিনে তাঁরা সাত ব্যবসায়ী ৮৪ মণ হাঙরের শুঁটকি চট্টগ্রামের আছদগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন। এখান থেকে ৮০ শতাংশ হাঙরের শুঁটকি তিন পার্বত্য জেলায় সরবরাহ হচ্ছে। পাহাড়ি ও বিভিন্ন উপজাতীয়দের কাছে এই শুঁটকির চাহিদা বেশি। গতকাল দুপুরে নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, সাগর থেকে ধরে আনা পাঁচ থেকে ছয় হাজার হাঙর বিক্রি হয়েছে। হাঙরের ওজন ৫০০ গ্রাম থেকে ১০ কেজি পর্যন্ত। প্রতি মণ হাঙর বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায়। ফিশারিঘাটের ব্যবসায়ী আবদুল আমিন জানান, পাঁচ কেজি ওজনের একটি হাঙরের শুঁটকি করলে পাওয়া যায় আড়াই কেজি। আড়াই কেজি শুঁটকি বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ৯০০ টাকা। খরচ বাদ দিলে লাভ থাকে ৩০০ থেকে ৪০০ টাকা।ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে প্রতি কেজি হাঙরের শুঁটকি ৩০০ থেকে ৩৪০ টাকায় পাওয়া যায়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে এই শুঁটকি বিক্রি হয় ৫০০ থেকে ৮০০ টাকায়। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন জানান, প্রতিদিন ফিশারিঘাট থেকে কমপক্ষে ৩০-৪০ মেট্রিক টন হাঙর বিক্রি হয়। শহরের নুনিয়াছটা, ফদনারডেইল, নাজিরারটেক, সোনাদিয়া, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলে এই হাঙরের শুঁটকি তৈরির জন্য শতাধিক কারখানা খোলা হয়েছে। নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আতিকুল্লাহ বলেন, হাঙরসহ নানা শুঁটকি উৎপাদন করে কক্সবাজারের অন্তত এক লাখ মানুষ মৌসুমে দুই হাজার কোটি টাকা উপার্জন করেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, হাঙরের ডানা দিয়ে দামি সুতা, গাড়ির চাকা, হাড় ও চামড়া দিয়ে দামি ওষুধ তৈরি হয়। এ কারণে এসব পণ্যের চাহিদা মিয়ানমারে বেশি।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম জানান, এই বন্দর দিয়ে প্রতি মাসে কমপক্ষে ১৫ লাখ টাকার হাঙরের শুঁটকি মিয়ানমারে রপ্তানি হচ্ছে। কিন্তু এসব দিয়ে সেখানে কি হচ্ছে, তাঁর জানা নেই।