উপকূলবাসীদের গুরুত্ব দিতে হবে অভিযোজন পরিকল্পনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই আসন্ন বাজেটে উপকূলবাসীর জীবন ও জীবিকা রক্ষাকে গুরুত্ব দিয়ে বিশেষ বরাদ্দ রাখতে হবে। উপকূলবাসীর সুরক্ষা নিশ্চিত করতে আলাদা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইক্যুইটিবিডি) আয়োজিত এক সেমিনারে নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং উপকূলীয় এলাকার সাংসদেরা এই দাবি জানিয়েছেন। আগামী বাজেটে উপকূলীয় অভিযোজন অর্থায়ন নিয়ে সেমিনারে আলোচনা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক।
সেমিনারে সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, পানি উন্নয়ন বোর্ডকে সংস্কার করতে হবে এবং এর বিভিন্ন প্রকল্প পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সাংসদ টিপু সুলতান, এ কে এম শাহাজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গড়ে তোলার দাবি জানান। তাঁরা এই বাজেটেই উপকূলের জন্য আলাদা বরাদ্দ দেওয়ারও দাবি জানান।
গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বাড়াতে হবে এবং এর পাশাপাশি জলবায়ু কর্মকৌশল পরিকল্পনাকেও হালনাগাদ করতে হবে। জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার দাবি জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, কার্বন নিঃসরণ কমানোর জন্য সরকার যে জাতীয় কর্মপরিকল্পনা বা আইএনডিসি জাতিসংঘের কাছে জমা দিয়েছে, তা তৈরির জন্য দেশের কারও সঙ্গে আলোচনা করা হয়নি। বিদেশি পরিদর্শকদের দিয়ে এটি করা হয়েছে। ফলে দেশের মানুষের মতামত এতে প্রতিফলিত হয়নি।