উপকূলবাসীর ভরসা হয়ে উঠছে কমিউনিটি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কারণে চার দিন ধরে বরগুনায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন। বুধবার বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আমতলী উপজেলাও ছিল বিদ্যুৎবিহীন। ওই দিন দুপুরে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। বিকেলে জারি হয় সুনামির সতর্কবার্তা।বিদ্যুৎবিহীন জেলা ও উপজেলা শহরে রাত নামার সঙ্গে বাড়ে আতঙ্ক। সন্ধ্যার পর রেড ক্রিসেন্ট কর্মীরা মাইকে সতর্কবার্তা প্রচারের পর প্রত্যন্ত এলাকার মানুষ ছুটছিল আশ্রয়কেন্দ্রে। আরেক দল মানুষ ছুটছিল খবরের পেছনে। কিন্তু কোনো মাধ্যম থেকেই হালনাগাদ তথ্য পাওয়ার উপায় ছিল না তাদের। এমন সময় এসব মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কমিউনিটি রেডিও ‘লোকবেতার’ ও আমতলীর ‘কৃষি রেডিও’। স্টেশন দুটি বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা সুনামির হালনাগাদ তথ্য প্রচার করে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বরগুনা ও আমতলী শহরের বাজারগুলো ঘুরে দেখা গেছে, লোকজন ভিড় করে ‘লোকবেতার’ ও ‘কৃষি রেডিও’ থেকে সম্প্রচার করা বিশেষ সতর্কবার্তা শুনছেন। বরগুনা শহরতিলর ক্রোকস্লুইস বাজারে মুঠোফোনে ‘লোকবেতার’ শুনছিলেন বিমল চন্দ্র শীল। সতর্কবার্তা শুনতে তাঁর চারপাশে জড়ো হয়েছেন আরও ২৫-৩০ জন মানুষ। বিমল চন্দ্র বলেন, ‘বিদ্যুৎ নাই বইল্লা টিভির খবর দেখতে পারি না। এহন এই রেডিওটাই আমাগো ভরসা।’ শহরতলির কালীবাড়ি, পোটকাখালী, বরইতলা ও লাকুরতলা এলাকার বাজারগুলোতেও দেখা গেছে এমন দৃশ্য। পোটকাখালী এলাকার বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘এইহানে এমন একটা রেডিও সেন্টার আগেই করা উচিত আলহে। হেইলে সিডরে এত্তো মানুষ মরতে না।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি রাজিয়া বেগম বলেন, ‘একটু ঝড় হলেই বরগুনায় তিন-চার দিন বিদ্যুৎ থাকে না। এ সময় মানুষ কোনো মাধ্যম থেকেই তথ্য পায় না। বুধবার কমিউনিটি রেডিওর বার্তা পেয়ে উপকূলবাসীর উদ্বেগ অনেকটা লাঘব হয়েছে।’ লোকবেতার স্টেশনের ব্যবস্থাপক মনির হোসেন ও আমতলীর কৃষি রেডিওর ব্যবস্থাপক শরীফ ইকবাল বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমরা জেনারেটর দিয়ে রাত ১১টা পর্যন্ত সম্প্রচার চালিয়েছি।’ লোকবেতারের কেন্দ্রীয় সমন্বয়কারী তারেক মাহমুদ বলেন, ‘আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। বুধবার জরুরি মুহূর্তে আমরা উপকূলবাসীর সঙ্গে থাকতে পেরেছি। এ ঘটনার মাধ্যমে প্রমাণ হলো, কমিউনিটি রেডিও উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কতটা অপরিহার্য।’