উপকূলীয় অঞ্চল প্লাবিত, লাখো মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার প্রভাবে বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ারে গতকাল সোমবারও উপকূলের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। অনেক এলাকায় চুলা জ্বালানো যাচ্ছে না। তলিয়ে গেছে নলকূপ। খাওয়ার পানির চলছে তীব্র সংকট। মানবেতর জীবন যাপন করছে এসব এলাকার মানুষ।
চট্টগ্রামের আনোয়ারায় জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায়, ভোলার সদর উপজেলায় এবং কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল নতুন করে বাঁধ ভেঙে আশপাশের এলাকায় জোয়ারের পানি ঢোকে। এ ছাড়া পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর পাড়ের বেড়িবাঁধ উপচে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তিনটি ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পানিতে ডুবে মারা গেছে মুন্নি আকতার (৫) নামের এক শিশু। সে দক্ষিণ জুঁইদণ্ডী গ্রামের বেঙ্গুর বাড়ির ফজল আহমদের মেয়ে। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল রায়পুর ও জুঁইদণ্ডী পরিদর্শন করেছেন।
এদিকে দুপুর থেকেই সড়ক উপচে পানি ঢুকতে থাকে দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। পানি ঢুকে যায় ব্যবসাপ্রতিষ্ঠানে। জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়ে বেচাকেনা। কর্ণফুলী নদী থেকে জোয়ারের পানি চাক্তাই খাল উপচে চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ এলাকায় চলে আসে। চিনি, ডাল, পেঁয়াজসহ বেশ কিছু পণ্য পানিতে ভিজে যায়। বিকেল চারটার পর জোয়ারের পানি নেমে যায়।
কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত অন্তত তিন কিলোমিটার দীর্ঘ সৈকতের শত শত ঝাউগাছ সামুদ্রিক জলোচ্ছ্বাসে উপড়ে পড়ছে। গতকাল জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দু-তিন ফুট উচ্চতায় উপকূলে আছড়ে পড়ে। দুপুরে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট, সমিতিপাড়া, বালিকা মাদ্রাসা, শৈবাল পয়েন্ট ঘুরে দেখা গেছে, সামুদ্রিক জলোচ্ছ্বাসে ১০-১২ বছরের পুরোনো ঝাউগাছগুলো উপড়ে পড়ছে। এসব পয়েন্টে অন্তত ৭০টি গাছ পড়ে থাকতে দেখা গেছে।
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় ৮৩ লাখ টাকায় নির্মিত রিং বাঁধটি অস্বাভাবিক জোয়ারে ধসে ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাঁধটি তলিয়ে যাওয়ায় সাবরাং ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে প্রায় চার হাজার ঘরবাড়িতে গতকাল জোয়ারের পানি ঢুকে পড়ে। জোয়ারের পানিতে ভেঙে গেছে ধলঘাটার ২০টি কাঁচা ঘরবাড়ি। দুদিন ধরে ঘরবাড়িতে জোয়ারের পানি ওঠা-নামার করার কারণে অনেকে রান্নাঘরে আগুন জ্বালাতে পারেননি।
বরগুনা: গতকাল বরগুনায় নতুন করে একটি বাঁধ বিলীন হয়ে ১০টি গ্রাম নিমজ্জিত হয়েছে। এতে ওই গ্রামের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে তিন দিনে জেলার আতমলী, পাথরঘাটা ও বেতাগী উপজেলার আরও ছয়টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ৫০টি গ্রামের ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রবল জোয়ারে বরগুনা শহরের বেশির ভাগ এলাকায় এখন হাঁটুপানি। গতকাল জেলায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে।
পটুয়াখালী: দুমকি উপজেলার পায়রা নদীর পাড়ের ইটবাড়ীয়া-লেবুখালী পোল্ডারের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কৃষকের বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। পায়রা নদীর পানির প্রবল স্রোতে বেড়িবাঁধের ৬০০ মিটারের বেশি বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।
মংলা: পশুর নদী ও মংলা নদীর জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে মংলা শহর। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ডুবছে শহরের রাস্তাঘাটসহ সরকারি-বেসরকারি স্থাপনা।
নোয়াখালী: অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নলচিরা ইউনিয়নের গত শনিবার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়া আরও বেশ কিছু এলাকায় সম্প্রতি নির্মিত বেড়িবাঁধও হুমকির মুখে রয়েছে। স্থানীয় লোকজন জানান, জোয়ারের পানিতে প্রথম প্লাবিত হয় ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রাম। ওই গ্রামের প্রায় ৮০০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে তুপাইন্নারগো, ছয়বাড়িয়া, টেলাভাঙ্গা, ফরাজী, গছিন্নাগো ও পঞ্চায়েত গ্রাম প্লাবিত হয়েছে।
পটুয়াখালী: কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত রোববার ভেঙে লোকালয় জোয়ারের পানিতে তৃতীয় দিনের মতো প্লাবিত হয়েছে। এ কারণে চাড়িপাড়া, এগার নম্বর হাওলা, বানাতিপাড়া, পশুরবুনিয়া, ধনজুপাড়া, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া, মুন্সিপাড়া, ছোট পাঁচ নম্বর, নয়াকাটা ও বড় পাঁচ নম্বর গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ভোলা: সদর উপজেলার নাসির মাঝি এলাকায় গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে শহর রক্ষা বাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া মেঘনা-তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি স্বাভাবিক সীমা অতিক্রম করায় জেলার ২৫টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের ২৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, পটুয়াখালী অফিস, নোয়াখালী অফিস, ভোলা অফিস, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি, মংলা (বাগেরহাট) প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি]