উপকূলীয় অঞ্চলের কৃষিজমিতে লোনা পানি প্রবেশ করিয়ে প্রচলিত চিংড়ি চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র করা রিটের পরিপ্রেক্ষিতে অর্ন্তবর্তীকালীন এ আদেশ দেন। এ ব্যাপারে রিট আবেদনকারীর পক্ষের অন্যতম আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, উপকূলীয় অঞ্চলের পাঁচটি জেলা: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী ও কক্সবাজার জেলার কৃষিভূমিতে জোর করে লবণাক্ত পানি উত্তোলন করে চিংড়ি চাষ বন্ধের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।উপকূলীয় অঞ্চলের জেলাগুলোর কৃষিজমিতে লবণাক্ত পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করা বন্ধের নির্দেশনা চেয়ে গত ১০ জানুয়ারি উল্লিখিত সংগঠন দুটির পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত রুল জারি করে দুই সপ্তাহ পর আদেশের দিন ধার্য করেন। এরপর গতকাল আদালত এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রিট আবেদনে বলা হয়েছে, ওই পাঁচটি জেলায় কৃষিভূমিতে (দেশের মোট ভূমির শতকরা ১৭ ভাগ) জোর করে লবণ পানি প্রবেশ করানোয় কৃষিভূমি ও গাছপালা কমে যাচ্ছে। গবাদিপশু পালনেও সমস্যা দেখা দিয়েছে। সাভারের ডাম্পিং স্টেশন: সাভারের প্রস্তাবিত ডাম্পিং স্টেশন পরিবেশ, মাটি ও পানির জন্য কতটুকু ক্ষতিকর—এ সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পরিবেশগত প্রভাব নিরূপণ করে আরেকটি প্রতিবেদন ছয় মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেলার করা এক রিটের রুল শুনানিতে এ আদেশ দেন। ঢাকা সিটি করপোরেশনের নিয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটিকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ২০০৬ সালে বেলা হাইকোর্টে এ রিটটি দায়ের করে।